সিরাজগঞ্জের কাজিপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানাজ পারভীন এর সঙ্গে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কাজিপুর উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত ইউএনওকে ক্যাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজার মনিটরিং, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, ভেজাল ও নকল পণ্য প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
ক্যাবের নেতৃবৃন্দ বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন, গণমাধ্যম ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাজারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং ভেজালবিরোধী অভিযান আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভোক্তাদের অধিকার রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। এ ক্ষেত্রে ক্যাবসহ সংশ্লিষ্ট সবাইকে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় ক্যাবের উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আতিকুল ইসলাম , সহসভাপতি সহকারী শিক্ষক এস এম সেলিম রেজা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক আমিরুল মোমেনিন সম্রাট ও সদস্য মাইনুল ইসলাম সংগ্রাম
সহ নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)