তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, দেশপ্রেম, নৈতিকতা, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করে দক্ষ, দায়িত্বশীল ও আত্মনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে প্রথমবারের মতো কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম চালু হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের উদ্যোগে দেশব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। জননিরাপত্তা, জনকল্যাণ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার পাশাপাশি আনসার ও ভিডিপির জনসম্পৃক্ততা আরও জোরদার করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
দেশের ৯টি রেঞ্জের ৩৯২টি উপজেলার ৪১৮টি কলেজ থেকে মোট ২৫ হাজার ৯৭ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। ১০ কর্মদিবসের এ প্রশিক্ষণ তিন সপ্তাহে সম্পন্ন হবে। প্রথম সপ্তাহে চার কর্মদিবস, দ্বিতীয় সপ্তাহে তিন কর্মদিবস এবং তৃতীয় সপ্তাহে তিন কর্মদিবস প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণটি ১৬টি মডিউল ও ৬০টি সেশনে পরিচালিত হচ্ছে।
প্রশিক্ষণে শারীরিক প্রশিক্ষণ ও ড্রিলের পাশাপাশি আনসার-ভিডিপির ইতিহাস ও সাংগঠনিক কাঠামো, মানবনিরাপত্তা, সামাজিক অপরাধ ও গুজব প্রতিরোধ, কমিউনিটি এ্যালার্ট ব্যবস্থা, স্বল্পকালীন মোতায়েন, দুর্যোগ ব্যবস্থাপনা ও অগ্নিনির্বাপণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি বাহিনীর ডিজিটাল প্ল্যাটফর্ম AVMIS, STDMS, TRGMS ও AVJOBS Portal-এর কার্যক্রম ও ব্যবহারবিধি সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে প্রশিক্ষণে কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন, ফ্রিল্যান্সিং এবং অনলাইন মার্কেটিংয়ের মতো বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে জাপানি ভাষা শিক্ষাসহ বিভিন্ন দক্ষতাভিত্তিক প্রশিক্ষণও চালু হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা কার্যক্রমের সঙ্গে সমন্বয় রেখে এ প্রশিক্ষণ বাস্তবায়ন করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নীলফামারী জেলার কিশোরগঞ্জ ও সদর উপজেলায় কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপের উদ্বোধন ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন রংপুর রেঞ্জের রেঞ্জ কমান্ডার ও উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল।
পরিদর্শনকালে তিনি প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রশিক্ষণের সার্বিক অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন। পরে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় মোহাম্মদ আবদুল আউয়াল কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরে প্রশিক্ষণার্থীদের দায়িত্ববোধ, শৃঙ্খলা, নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষাজীবনের পাশাপাশি তরুণদের সামাজিক দায়িত্ব পালনে সক্ষম করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে জনকল্যাণ ও জননিরাপত্তামূলক কার্যক্রমে তরুণদের ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করতেও এ প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে।
প্রশিক্ষণে স্থানীয় পর্যায়ে সামাজিক সচেতনতা সৃষ্টি, জননিরাপত্তায় সহযোগিতা, দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়ে প্রশিক্ষণার্থীদের উদ্বুদ্ধ করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, আনসার ও ভিডিপির বিভিন্ন কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা কর্মদক্ষতা অর্জন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যতে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার সুযোগ পাচ্ছেন। কলেজভিত্তিক ভিডিপি প্রশিক্ষণের মাধ্যমে তরুণ প্রজন্মকে এ ধারার সঙ্গে সম্পৃক্ত করার নতুন সুযোগ তৈরি হয়েছে।
কলেজভিত্তিক এ প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষণার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা আগ্রহ ও মনোযোগের সঙ্গে প্রশিক্ষণের বিভিন্ন বিষয় গ্রহণ করছেন। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগ তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চালুর মধ্য দিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ ও জনসম্পৃক্ততা কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হয়েছে। তরুণদের শিক্ষা, দক্ষতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধকে সমন্বিত করে দক্ষ, দায়িত্বশীল ও আত্মনির্ভর নাগরিক হিসেবে গড়ে তোলার এ উদ্যোগ ভবিষ্যতে মানবসম্পদ উন্নয়ন এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে তরুণদের অংশগ্রহণকে আরও গতিশীল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)