টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে অধিক মুনাফার প্রলোভনে ৯৪ লাখ ১৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. জুলহাস উদ্দিন (৩৯) এবং প্রহড় (২৮)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ এসব তথ্য জানান।
তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার) রাতে কিশোরগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মামলার বাদী মেহেদি হক নিয়নকে ২০২৫ সালের ২৪ আগস্ট টেলিগ্রাম অ্যাপের একটি আইডি থেকে Zales নামের একটি জুয়েলারি প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব দেন প্রতারকরা। চাকরিতে আগ্রহী হলে প্রতারকরা একটি ফিশিং লিংকের মাধ্যমে তাকে ভুয়া ওয়েবসাইটে যুক্ত করেন।
প্রথমে অনলাইনে বিভিন্ন অর্ডার সম্পন্নের বিনিময়ে কমিশন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। পরে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে বাদীকে বিভিন্ন অঙ্কের টাকা বিনিয়োগে প্রলুব্ধ করা হয়।
একপর্যায়ে ৯০টি অর্ডার সম্পন্ন করার কথা বলেন প্রতারকরা। অর্ডার সম্পন্নের সময় ভুক্তভোগীর অ্যাকাউন্টে বিভিন্ন অঙ্কের মুনাফা প্রদর্শন করা হলেও তা উত্তোলনের সুযোগ দেওয়া হয়নি। বরং পরবর্তী অর্ডার সম্পন্ন ও প্রদর্শিত মুনাফার অর্থ উত্তোলনের জন্য বিভিন্ন অজুহাতে আরও টাকা জমা দিতে বলা হয়।
বিশেষ পুলিশ সুপার ছুফি উল্লাহ আরও বলেন, প্রতারকদের কথায় বিশ্বাস করে ভুক্তভোগী বিভিন্ন ব্যাংক হিসাবে একাধিক দফায় টাকা পাঠান। এভাবে বিভিন্ন কৌশলে তার কাছ থেকে মোট ৯৪ লাখ ১৯ হাজার টাকা আত্মসাৎ করা হয়। এ ঘটনায় গত ৩ জানুয়ারি পল্টন থানায় মামলা করা হয়।
সিআইডি মামলাটির তদন্তভার নেওয়ার পর বিভিন্ন তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চক্রটির সদস্যদের শনাক্ত করে। তদন্তের ধারাবাহিকতায় এরই মধ্যে চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)