বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডলকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় ২০২৪ ও ২০২৫ সালে দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু এতেও কোনো সাড়া না পেয়ে সরকারি দায়িত্ব পালনে অবহেলা, কর্তৃপক্ষের আদেশ অমান্য ও বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
এরআগে ২০২৫ সালের ২ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক আদেশে আরিফুর রহমান মন্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়। তাতে বলা হয়, সিরাজগঞ্জ জেলার সাবেক পুলিশ সুপার, বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় সংযুক্ত আরিফুর রহমান মন্ডল কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত ১৯ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত।
সরকারি চাকরি বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ (গ) অনুসারে পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী আরিফুর রহমান মন্ডল যেদিন থেকে অনুপস্থিত সেদিন থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি খোরপোশ ভাতা পাবেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)