ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, গাঁজা, ইয়াবা ও বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোর থেকে সকাল পর্যন্ত মহেশপুর ৫৮ বিজিবির অধীন মাটিলা, যাদবপুর ও নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, ভোর ৫টার দিকে মাটিলা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৫২/১২-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের ভেতরে শ্মশানঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৯৯০ পিস ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
এরপর সকাল ৬টা ৩৫ মিনিটের দিকে যাদবপুর বিওপির একটি দল সীমান্ত পিলার ৪৭/৭-এস সংলগ্ন গোপালপুর এলাকায় অভিযান চালায়। একটি ঘাসখেতের পাশ থেকে ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা ও ১ হাজার ৩৯৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া সকাল ১০টা ৪৫ মিনিটে নতুনপাড়া বিওপির একটি দল সীমান্ত পিলার ৬৫/৪-এস সংলগ্ন নতুনপাড়া গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। সেখান থেকে ২১০ বোতল ভারতীয় সিরাপ জব্দ করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এসব অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)