আন্তর্জাতিক অঙ্গনে মেধার স্বাক্ষর রেখে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ‘ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন’ (ডব্লিউআইপিও) এর মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা স্কলারশিপ অর্জন করেছেন সিরাজগঞ্জের কৃতি সন্তান মো. রাশেদুল ইসলাম (রাশেদ)। তিনি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকশা গ্রামের আব্দুর রাজ্জাকের সন্তান এবং স্থানীয় কোনাবাড়ী ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।
বিশ্বব্যাপী উদ্ভাবন, মেধাসম্পদ আইন ও প্রযুক্তি সংরক্ষণ সংক্রান্ত উচ্চতর গবেষণার লক্ষ্যে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে এই স্কলারশিপ দেওয়া হয়। অত্যন্ত সুনির্দিষ্ট ও কঠোর মেধা বাছাই এবং বিদেশি ভাষার দক্ষতা প্রমাণের দীর্ঘ প্রক্রিয়া পেরিয়ে তিনি এই অনন্য গৌরব অর্জন করেন।
রাশেদুল ইসলাম কামারখন্দের কোনাবাড়ী ইসহাক উচ্চ বিদ্যালয় থেকে প্রথমবারের মতো জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং পরবর্তীতে সরকারি বিজ্ঞান কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন। উচ্চশিক্ষা ভর্তি পরীক্ষায় তিনি রংপুর মেডিকেল কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সুযোগ পান। তবে ঔষুধ বিজ্ঞানের প্রতি আগ্রহ থাকায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।
পড়াশোনা চলাকালেই দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কয়ার ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন তিনি। পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ঔষধ প্রশাসন অধিদপ্তরে দায়িত্ব পালন করেন।
এ ছাড়াও তিনি মন্ত্রণালয়ের ফার্মাসিস্ট লাইসেন্সিং কোর্সে পাঠদান এবং বিভিন্ন জনস্বাস্থ্য বিষয়ক প্রকল্পে সুনামের সাথে প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি শিল্প মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন।
অনুভূতি প্রকাশ করে রাশেদুল ইসলাম বলেন, “মহান আল্লাহর রহমত এবং পিতা-মাতা, শিক্ষক, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় মর্যাদাপূর্ণ এই স্কলারশিপ অর্জন করতে পেরেছি। উচ্চশিক্ষা সফলভাবে শেষ করে দেশের মেধাসম্পদ সংরক্ষণ ও প্রযুক্তির সঠিক বিকাশে অবদান রাখাই এখন আমার মূল লক্ষ্য। অর্জিত জ্ঞান যেন দেশ ও দশের কল্যাণে কাজে লাগাতে পারি, সেজন্য সবার কাছে দোয়া চাই।”
জানা গেছে, সুইজারল্যান্ডভিত্তিক বিশ্ব মেধাসম্পদ সংস্থা একাডেমি নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন।
তার অনুজ দুই ভাই ও এক বোনও কোনাবাড়ী ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। তাদের মধ্যে এক ভাই ডা. মো. আশরাফুল ইসলাম এবং অপর ভাই মো. রেজাউল করিম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। রাশেদুল ইসলামের এই আন্তর্জাতিক সাফল্যে পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)