মাদকের সংবাদ প্রকাশের জেরে
সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আজকের জনবানীর প্রতিনিধি শাহরিয়ার মোরশেদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, বাড়িতে ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকার ট্রাকস্ট্যান্ডে হাটিকুমরুল প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হাটিকুমরুল প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেনে সভাপতিত্বে
বক্তব্য রাখেন, সলঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম, সলঙ্গা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ খান, দৈনিক এ দিন পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি কায়ুম মাহমুদ এবং ভুক্তভোগী সাংবাদিক শাহরিয়ার মোরশেদুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এ সময় বক্তারা বলেন, অবিলম্বে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া না হলে সিরাজগঞ্জের সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন দৈনিক যুগের কথা-এর স্টাফ রিপোর্টার শাহিন রেজা, দৈনিক মানবকণ্ঠ-এর উল্লাপাড়া প্রতিনিধি আল আমিন হোসেন, দেশ টেলিভিশনের উল্লাপাড়া প্রতিনিধি মইনুল হোসাইন, দৈনিক নয়া দিগন্ত-এর রায়গঞ্জ প্রতিনিধি সোহেল রানা, দৈনিক জনকণ্ঠ-এর উল্লাপাড়া প্রতিনিধি লিখন আহমেদ, হাটিকুমরুল প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক জুয়েল রানাসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)