চীনের ওপর চাপ বাড়াতে আরো এক পদক্ষেপ নিতে চলেছে যুক্তরাষ্ট্র। স্মার্টফোন, ক্যামেরা ও কম্পিউটারের মতো ইলেকট্রনিক পণ্য পরীক্ষা করা থেকে চীনা পরীক্ষাগারগুলিকে নিষিদ্ধ করার প্রস্তাব এনেছে মার্কিন ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি)।আগামী ২৯ অক্টোবর এই প্রস্তাব নিয়ে ভোট হবে। রয়টার্সের প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।
বুধবার এফসিসি জানিয়েছে, যেসব দেশ মার্কিন পরীক্ষাগারগুলিকে সমান সুযোগ দেয় না, সেই দেশগুলির পরীক্ষাগার ও পণ্য অনুমোদনকারী সংস্থাগুলোর ওপরও নিষেধাজ্ঞা জারির প্রস্তাব বিবেচনা করা হবে। এর আওতায় চীনের পরীক্ষাগারগেুলোতেও পড়তে পারে।
এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডন কার ২০২৫ সালে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে চুক্তি না থাকা সত্ত্বেও প্রায় ৮২ শতাংশ ইলেকট্রনিক পণ্যের পরীক্ষা চীনে করা হয়। নতুন এই পদক্ষেপের মাধ্যমে পণ্য পরীক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ আরো জোরদার করতে চাইছে এফসিসি।
এফসিসির এই নিষেধাজ্ঞাগুলো ২০২৮ সালের ডিসেম্বরে কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগে, ২০২৫ সালে চীন সরকারের মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন পরীক্ষাগারগুলোতে মার্কিন ইলেকট্রনিক পণ্য পরীক্ষা নিষিদ্ধ করেছিল এফসিসি।
সেই সময় কয়েক ডজন পরীক্ষাগারকে নিষিদ্ধ করা হয়।
তবে এ বছর সংস্থাটি জানায়, চীনে অবস্থিত বহু পরীক্ষাগার এখনও মার্কিন ইলেকট্রনিক পণ্য পরীক্ষা করছে। এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডান কার বলেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অবস্থিত পরীক্ষাগারগুলিতে ৪ শতাংশেরও কম ইলেকট্রনিক পণ্যের পরীক্ষা হয়। তিনি আরো জানান, আন্তর্জাতিক বাণিজ্যে সব দেশের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চায় এফসিসি। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের পরীক্ষাগারে অথবা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিমুক্ত দেশগুলোর পরীক্ষাগারে পরীক্ষা করা পণ্যের অনুমোদন প্রক্রিয়া সহজ করার উদ্যোগও নিয়েছে সংস্থাটি।
এ ছাড়া গত ডিসেম্বরে চীনের তৈরি সব নতুন মডেলের ড্রোন আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে এফসিসি। একই সঙ্গে চীনে তৈরি নতুন মডেলের কনজিউমার রাউটার আমদানিও নিষিদ্ধ করা হয়। এই রাউটার কম্পিউটার, মোবাইল ফোন ও অন্যান্য স্মার্ট ডিভাইসকে ইন্টারনেটের সঙ্গে যুক্ত করে।
জাতীয় নিরাপত্তার উদ্বেগ দেখিয়ে এর আগেও কয়েকটি চীনা সংস্থাকে যুক্তরাষ্ট্রে টেলিযোগাযোগ পরিষেবা দেওয়া থেকে বিরত রেখেছে এফসিসি। গত জুলাইয়ে, জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত চীনা সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ থাকা ডিভাইস যুক্তরাষ্ট্রে বিক্রি নিষিদ্ধ করার পক্ষে ভোট দেয় সংস্থাটি। পাশাপাশি, ওই চীনা টেলিকম সংস্থাগুলোর সঙ্গে মার্কিন টেলিযোগাযোগ পরিষেবা প্রদানকারীদের সংযোগ বন্ধ করার প্রস্তাবও আনা হয়।
এফসিসির নিষিদ্ধ সংস্থার তালিকায় রয়েছে চীনা টেলিযোগাযোগ সরঞ্জাম প্রস্তুতকারক হুয়াওয়ে ও জেডটিই। জাতীয় নিরাপত্তার উদ্বেগের কারণে এই সংস্থাগুলোর সরঞ্জাম যুক্তরাষ্ট্রে বিক্রির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। জুন মাসে হুয়াওয়ে ও জেডটিইসহ একাধিক চীনা সংস্থার তৈরি আরো কিছু সরঞ্জাম আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে এফসিসি। পাশাপাশি, সামরিক কাজে ব্যবহৃত অধিকাংশ ড্রোন আমদানিতে নিষেধাজ্ঞা জারির প্রস্তাবও দিয়েছে সংস্থাটি।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)