নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। চার বছর বয়সী ছোটভাই আরাফাতকে ধরতে গিয়ে ছয় বছর বয়সী মুয়াজও বিদ্যুস্পৃষ্ট হয়ে মারা যায়। এসময় দুই ছেলেকে বাঁচাতে গিয়ে মা পান্না আক্তার আহত হয়েছেন।
রবিবার সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে মর্মান্তিক এই শিশু মৃত্যুর ঘটনাটি ঘটে। শিশু দুটি ওই গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে বাড়িতে গাভির দুধ নিচ্ছিলেন মা। পাশে দুই ছেলেই খেলাধুলা করছিলো। এক পর্যায়ে অসাবধানতাবশত ঘরের পাশের আর্থিং তার স্পর্শ করে ছোট ছেলে আটকে যায়। পরে বড়টা তাকে ধরতে গিয়ে দুজনেই আটকে গেলে মা দৌড়ে ধরতে যান। কিন্তু মায়ের পায়ে জুতা পরিহিত থাকায় ছিটকে দূরে পড়েন। এসময় মা আহত হলে স্থানীয়রা গিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে স্থানীয়রা তাদের উদ্ধার করে দুই ছেলেকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক সুইচবোর্ড থেকে নেয়া আর্থিং তারে দুই শিশু বিদ্যুতায়িত হয়। পরে মা শিশুদের বাঁচাতে গেলে মা আহত হন। খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শিশুদের মরদেহ দুটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)