সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর মন্ডলপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ভুক্তভোগী পরিবারকে হেনস্তা ও হয়রানির উদ্দেশ্যে মিথ্যা নারী ও শিশু নির্যাতন মামলা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারটি ওই মিথ্যা মামলার সঠিক ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেছেন।
জানা যায়, ভুক্তভোগী আলী হোসেন সেখ প্রায় ১৩ বছর আগে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর মৌজার আরএস ২৯৮০ নম্বর দাগ, খতিয়ান নং ৮৫৬, জেএল নং ১০৯ এর ০.২৫৫৮৩ একর ভূমি তিনি ক্রয় করে ঘর নির্মাণ করেন। পরবর্তীতে নিয়মতান্ত্রিক উপায়ে খাজনা-খারিজ সম্পন্ন করে ভোগদখল করে আসছেন।
স্থানীয়রা জানান, এই জমি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-দরবার হলেও প্রতিপক্ষপক্ষীয়রা বিভিন্ন সময় নানা ষড়যন্ত্র চালিয়ে আসছে। সম্প্রতি ওই জমিতে তিনি বেড়া দিতে গেলে তার চাচাতো ভাই মাসুম আলী বাধা প্রদান করেন। এর কিছুদিন পর তার স্ত্রী মোছাঃ হাওয়া খাতুন সেখানে সাংসারিক কাজ করতে গেলে বর্তমান মামলার বাদী মোছাঃ শেফালি বেগম রূপাসহ ৫/৬ জন মিলে তাকে এলোপাথারী মারপিট করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে নির্মাণাধীন বেড়া ভাঙচুর করেন।
উক্ত হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে আলী হোসেন সেখ এনায়েতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৬২৫) করেন এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতে একটি মামলা (এম আর মামলা নং- ৭১০/খ) দায়ের করেন।
ভুক্তভোগী পরিবারটির অভিযোগ, আদালতে মামলা করায় এবং তাদের পৈত্রিক ও ক্রয়কৃত জমি জোরপূর্বক জবরদস্তি করে দখল করতে ব্যর্থ হয়ে প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেন প্রতিপক্ষরা। সমাজে আলী হোসেন সেখ ও তার পরিবারকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে শেফালি বেগম রূপা বাদী হয়ে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন একটি নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগীর অভিযোগে জানা যায়, অভিযুক্ত রূপার পরিবার প্রভাবশালী হওয়ায় এবং অতীতে ইউনিয়ন আওয়ামী লীগ কমিটিতে তাদের নাম থাকায় তারা এলাকায় বিভিন্ন সময় ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে নানাভাবে দমনপীড়ন ও হয়রানি করে আসছে।
বর্তমানে একটি কুচক্রী মহলের ইন্ধনে মিথ্যা মামলায় জর্জরিত হয়ে চরম নিরাপত্তাহীনতা ও মানসিকভাবে বিপর্যস্ত দিন কাটাচ্ছেন ভুক্তভোগী আলী হোসেন সেখ ও তার পরিবার। তারা সংশ্লিষ্ট প্রশাসন, পুলিশ বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এই মিথ্যা মামলার সুষ্ঠু, সঠিক ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজেদের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি করেছেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)