সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগের ৬ নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বুধবার রাতভর সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর, সদর উপজেলার ছোনগাছা, শিয়ালকোল ও সয়দাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, শিয়ালকোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও শিলন্দা গ্রামের আবু তালেবের ছেলে মো. শামসুল আলম (৪৭), সয়দাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খিদির ব্রিজ এলাকার মৃত জালাল উদ্দিন শেখের ছেলে মো. আবুল কালাম আজাদ (৪৮), একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জারিলা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. জয়নাল আবেদীন (৪১), ছোনগাছা ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ছোনগাছা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. রাশেদুল ইসলাম (৩৪), একই ইউনিয়নের পোটল ছোনগাছা গ্রামের আব্দুর রহিম ওরফে শওকতের ছেলে, ছোনগাছা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. শাহাদাত হোসেন (২২) এবং পৌর এলাকার মাহমুদপুর মহল্লার আব্দুল বাছেদের ছেলে ও পৌর ছাত্রলীগের গ্রন্থনা বিষয়ক সম্পাদক মো. নাদিম সেখ (২৩)।
সদর থানার ওসি মো. রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)