কাঁচি, ক্ষুর আর চিরুনি-এই তিনটি উপকরণই তাঁর জীবনের দীর্ঘ চার দশকের সঙ্গী। সময়ের পরিবর্তনে বদলে গেছে অনেক কিছু। গ্রামবাংলার হাটবাজারে গড়ে উঠেছে আধুনিক সেলুন, এসেছে নানা সুযোগ-সুবিধা। কিন্তু বদলায়নি শ্রী বিমল চন্দ্র দাসের কর্মজীবন। দীর্ঘ ৪০ বছর ধরে রাস্তার ধারে বসেই নরসুন্দরের কাজ করে জীবিকা নির্বাহ করছেন তিনি। প্রতিদিনের আয় মাত্র ২০০ থেকে ৩০০ টাকা। এই সামান্য উপার্জন দিয়েই চলছে তাঁর চার সদস্যের সংসার।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ভেংড়ী গ্রামের বাসিন্দা শ্রী বিমল চন্দ্র দাস। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে পূর্ণিমাগাঁতী বাজারের রাস্তার পাশে বসে মানুষের চুল-দাড়ি কাটার কাজ করছেন। বাপ-দাদার পেশাকে অবলম্বন করেই শুরু হয়েছিল তাঁর কর্মজীবন। দেখতে দেখতে পেরিয়ে গেছে প্রায় চার দশক। কিন্তু জীবনযাত্রার তেমন কোনো পরিবর্তন হয়নি।
প্রতিদিন বাজারের রাস্তার পাশে নিজের কর্মস্থলে বসে ক্রেতার অপেক্ষা করেন তিনি। কেউ চুল কাটাতে আসেন, কেউ আসেন দাড়ি কামাতে। তাঁদের সেবা দিয়েই দিন শেষে যা আয় হয়, তা নিয়েই বাড়ি ফিরতে হয় বিমল চন্দ্রের। তবে প্রতিদিন সমান কাজ থাকে না। কোনো দিন ক্রেতার সংখ্যা কিছুটা বেশি থাকে, আবার কোনো দিন কাজের অপেক্ষায় দীর্ঘ সময় পার করতে হয় তার। সব মিলিয়ে দৈনিক গড়ে ২০০ থেকে ৩০০ টাকা আয় হয় তাঁর।
চার সদস্যের পরিবার নিয়ে তাঁর সংসার। পরিবারের ভরণপোষণ, খাবার ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে এই সামান্য আয়ই একমাত্র অবলম্বন। বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও তাঁর উপার্জন নির্ভর করে প্রতিদিনের ক্রেতার ওপর। ফলে আয় কম হলে সংসারের খরচ সামলানো কঠিন হয়ে পড়ে। তবুও জীবিকার প্রয়োজনে প্রতিদিন কাজ করতে হয় তাঁকে।
বিমল চন্দ্র দাসের সঙ্গে কথা হলে তিনি দৈনিক যমুনাকে জানান, বাপ-দাদার পেশা হিসেবে নরসুন্দরের কাজ বেছে নিয়েছেন। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। প্রতিদিন গড়ে ২০০ থেকে ৩০০ টাকা আয় করতে পারেন। এই আয় দিয়েই চার সদস্যের পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে সংসার চালিয়ে আসছেন। কাজের ওপর নির্ভর করেই তাঁর প্রতিদিনের উপার্জন হয়।
একসময় যে পেশা ছিল গ্রামীণ জনপদের মানুষের নিত্যপ্রয়োজনীয় সেবার অন্যতম মাধ্যম, আধুনিকতার সঙ্গে সেই পেশাতেও এসেছে পরিবর্তন। বাজারে একের পর এক আধুনিক সেলুন গড়ে উঠলেও অনেকেই এখনও পুরোনো পদ্ধতিতে রাস্তার পাশে বসে নরসুন্দরের কাজ করে জীবিকা নির্বাহ করছেন। তাঁদের একজনের মধ্যে বিমল চন্দ্র দাস।
জীবনের দীর্ঘ ৪০ বছর ধরে একই পেশায় নিয়োজিত থেকেও বড় কোনো স্বচ্ছলতার দেখা মেলেনি তাঁর। তবে পেশার প্রতি দায়িত্ববোধ ও পরিবারের প্রতি দায়বদ্ধতা তাঁকে প্রতিদিন কর্মস্থলে নিয়ে আসে। বয়স, সময় কিংবা পরিস্থিতি—কোনো কিছুই তাঁর কর্মজীবন থামিয়ে দিতে পারেনি।
পূর্ণিমাগাঁতী বাজারের রাস্তার ধারে বসে বিমল চন্দ্র দাসের এই জীবনসংগ্রাম গ্রামীণ অর্থনীতির এক পরিচিত চিত্র। অল্প উপার্জন, অনিশ্চিত কাজ আর পরিবারের দায়িত্ব—সবকিছুর ভার কাঁধে নিয়ে প্রতিদিন লড়াই করে যাচ্ছেন তিনি। কাঁচি, ক্ষুর আর চিরুনির সঙ্গে জড়িয়ে থাকা তাঁর চার দশকের কর্মজীবন যেন বংশপরম্পরায় চলে আসা একটি পেশাকে টিকিয়ে রাখার নীরব ইতিহাস।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)