রাজধানীর আদাবরের শ্যামলী রিং রোড এলাকা থেকে ছয়টি পেট্রোলবোমা ও ৯৫০ গ্রাম গান পাউডারসহ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে এসআরবি-২।
সোমবার (৯ নভেম্বর) এসআরবি-২ এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. মাহবুব হোসেন (২৯) ও মো. রাশেদ কবির (২৮)। তাদের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। মাহবুব ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
মেজর এম মুবীন রহমান তাপস বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-২ জানতে পারে, কয়েকজন ব্যক্তি নাশকতার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে শ্যামলী রিং রোড এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি পেট্রোলবোমা ও ৯৫০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক দ্রব্য নিয়ে সেখানে অবস্থানের কথা জানিয়েছেন বলে জানান মেজর মুবীন রহমান।
তিনি আরও জানান, মাহবুব হোসেনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় হত্যাচেষ্টা, দাঙ্গা-হাঙ্গামা, গুরুতর জখম ও বিস্ফোরকদ্রব্য আইনে দুটি মামলা রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)