প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৮:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৭:৪৭ পি.এম
এসএসবিসি প্রকল্পের উদ্যোগে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে সামাজিক কর্মপরিকল্পনা সভা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা (এমএনসিএএইচ) নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সামাজিক কর্মপরিকল্পনা তৈরির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার সন্তোষপুর ইউনিয়নের আলেপের তেপথী এলাকায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে অংশীজনদের নিয়ে এই ইন্টারেক্টিভ সেশন ও সংলাপ অনুষ্ঠিত হয়।
সন্তোষপুর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার সহকারী হেলথ ইন্সপেক্টর আক্কাছ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সন্তোষপুরের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার রেওশন-আরা খাতুন এবং পরিবার কল্যাণ সহকারী ফাতেমা খাতুন ও আনোয়ারা খাতুন। এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রামের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফেসিলিটেটর মায়ামনি মিষ্টি, আশামনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় মাতৃস্বাস্থ্যের বর্তমান সংকট, গর্ভকালীন ও প্রসবকালীন সেবার সীমাবদ্ধতা, নবজাতকের নিবিড় যত্ন, শিশুদের নিয়মিত টিকাদান, অপুষ্টি প্রতিরোধ এবং কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও বাল্যবিবাহের কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, “স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া কোনো স্বাস্থ্য কর্মসূচিই দীর্ঘমেয়াদে সফল করা সম্ভব নয়। সাধারণ মানুষের মতামত ও স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিয়ে সামাজিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে মা ও শিশুর স্বাস্থ্য পরিস্থিতির দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)