তুচ্ছ ঘটনা নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে একটি ক্লিনিকে ঢুকে তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে।
বুধবার রাত ৯টার দিকে শহরের মুরগী হাট এলাকার আনছার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, আনছার ক্লিনিকের মালিক আলমগীর হোসেন, পৌরসভার ২নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক ও মাহাবুর রহমান। তাদের প্রত্যেকের মাথায় ৩-৪টি করে সেলাই দেওয়া
হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের মুরগী হাট এলাকায় জ্যোতি নামে এক ছেলের সাথে তুহিন নামে আরেকজনের কথাকাটাকাটি হয়। এরপর সেটি ঘটনাস্থলেই মীমাংসাও হয়ে যায়।
এ সময় ক্লিনিকের মালিক আলমগীর হোসেন উপস্থিত ছিলেন এবং সেসময় ঘটনাস্থলে আসেন পৌরসভার ২নং ওয়ার্ডের জামায়াতের কাউন্সিলর প্রার্থী নাজিম বিশ্বাস। তিনি ফোন করে কয়েকজনকে ঘটনাস্থলে আসতে বলেন।
দ্রতই ক্লিনিকের কাছে জামায়াতের এমপি আবু তালিবের অফিস থেকে জামায়াতের ১০-১৫ জন নেতাকর্মী লাঠি, দা নিয়ে আসেন এবং তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। জামায়াতের দুইজন কর্মী একজনকে ধাওয়া দিয়ে ক্লিনিকের মধ্যে প্রবেশ করে রোগীর সামনে মারধর করেন। ওই সময় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।
তুহিন হোসেন নামের এক যুবক বলেন, রাতে কলেজপাড়া এলাকার জ্যোতি নামের একটি ছেলে আমার দিকে বাঁকা চোখে তাকানো নিয়ে কাটাকাটি হয়। এরপর সব ঠিকও হয়ে যায় ও ওখান থেকে চলে যায়। জামায়াতের নেতাকর্মীদের সাথে আমাদের কোনো কথাও হয়নি। তারা হুট করে এসে আমাদের ওপর হামলা করেছে।
হামলায় আহত ক্লিনিকের মালিক আলমগীর হোসেন বলেন, আমি ক্লিনিকের সামনের একটি দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ দুই যুবকের মধ্যে বাকবিতন্ডা হচ্ছিল। এ সময় উভয়পক্ষকে আলাদা করে দিলাম।
পরে জামায়াতের নাজিম এসে ফোন দিয়ে কয়েকজনকে ডেকে এনে মারধর শুরু করেন। ইট দিয়ে মাথায় আঘাত করেন। একজনকে দা দিয়ে কুপিয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করবো।
হাসপাতালে ভর্তি সিজারিয়ান রোগী মারুফা বেগম জানান, গত তিন দিন আগে তার সিজারিয়ান অপারেশন হয়েছে। হঠাৎ রাতে দুইজন হাসপাতালে এসে একজনকে মারধর করেছে। ওই সময় তার নবজাতক
চিৎকার ও চেঁচামেচি শুরু করে।
এ বিষয়ে জানতে জামায়াত মনোনীত ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাজিম বিশ্বাসের মোবাইলে ফোন দিলে সাংবাদিক পরিচয় পেয়ে বাড়িতে মেহমান এসেছে এবং পরে কথা বলছি বলে ফোন কেটে দেন।
কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল হোক মোল্লা বলেন, মারামারির কথা শুনেছি। কারা হামলা করেছে আমি এখনও নিশ্চিত নই। যদি জামায়াতের কেউ হামলা করে থাকেন, তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, জখম হওয়া ৩টি ছেলে থানায় এসেছিল। তারা এজাহার দিলেঅবশ্যই তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)