বগুড়ার শেরপুরে ব্যাংককাজে যাওয়ার উদ্দেশ্যে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় সুমন (৪২) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন বগুড়ার শেরপুর উপজেলার দুবলাগাড়ি চকপোতা এলাকার আব্দুল মজিদের ছেলে। তিনি দুপচাঁচিয়া শাখা অগ্রণী ব্যাংকে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সুমন। এরপর শেরপুর বাসস্ট্যান্ডে এসে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় একটি পিকআপ (ঢাকা ন-২২-৩২১০) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজরে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণহীন পিকআপটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি ‘করতোয়া’ পরিবহনের গাড়িতে গিয়ে পুনরায় ধাক্কা খায়।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সুমনকে দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাকির হোসেন জানান, ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)