মুম্বাইতে রাজকীয় দম্পতির তিন দিনের সফর শুরুতে ক্রিকেটের সুবাদে আবারও একসঙ্গে দেখা হলো শচীন টেন্ডুলকার,প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটনের। কিংবদন্তি এই ক্রিকেটার ব্যালার্ড এস্টেটে প্রিন্স ও প্রিন্সেস অফ ওয়েলসের সঙ্গী হন। সেখানে তারা মাটির ভাঁড়ে (কুলহাড়) ঐতিহ্যবাহী চা উপভোগ করেন এবং স্থানীয় স্কুল শিক্ষার্থীদের সঙ্গে ‘গলি ক্রিকেট’ খেলায় অংশ নেন।
এই সাক্ষাৎটি ছিল তাদের তিনজনের পুনর্মিলন। ২০১৬ সালের এপ্রিলে মুম্বাইতে তারা প্রথমবারের মতো ক্রিকেটের মাধ্যমে একসঙ্গে সময় কাটিয়েছিলেন। সেবার ভারত সফরের সময় উইলিয়াম ও কেট ওভাল ময়দানে টেন্ডুলকার এবং স্থানীয় শিশুদের সঙ্গে ক্রিকেট খেলেছিলেন। প্রায় ১০ বছর পর এবার ব্যালার্ড এস্টেটে তারা আবারও খেলার মাঠে একত্রিত হলেন।
রাজকীয় দম্পতিকে সেখানে ঐতিহ্যবাহী ঢোল-তাশার বাদন দিয়ে স্বাগত জানানো হয়। এরপর তারা টেন্ডুলকারের সঙ্গে কিছুটা সময় কাটান। তারা একটি বটগাছের নিচে থাকা চায়ের দোকানেও থামেন, যেখানে মাটির ভাঁড়ে তাদের ‘কাটিং চা’ পরিবেশন করা হয়। যা তাদের মুম্বাইয়ের পথ-সংস্কৃতির এক অনন্য অভিজ্ঞতার স্বাদ দেয়। এই আয়োজনের মূল কেন্দ্রবিন্দু ছিল ক্রিকেট।
উইলিয়াম ও কেট, টেন্ডুলকার এবং স্কুল শিক্ষার্থীদের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচে অংশ নেন; কিংবদন্তি এই ব্যাটার রাজকীয় অতিথিদের সঙ্গে খেলার অভিজ্ঞতা ভাগ করে নেন। এই ইভেন্টটি বিভিন্ন সম্প্রদায়কে একত্রিত করতে এবং তরুণদের জন্য সুযোগ তৈরিতে খেলাধুলার ভূমিকা তুলে ধরে। মুম্বাই সফরের মূল লক্ষ্য হলো ষষ্ঠ বার্ষিক ‘আর্থশট প্রাইজ’ অনুষ্ঠান, যা মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২০২০ সালে প্রিন্স উইলিয়ামের প্রতিষ্ঠিত এই উদ্যোগটি এমন সব প্রকল্পকে স্বীকৃতি দেয়, যা পরিবেশগত বড় চ্যালেঞ্জগুলোর সমাধানে কাজ করছে। বিজয়ী পাঁচজনের প্রত্যেকেই তাদের কাজের পরিধি বাড়ানোর জন্য ১০ লাখ পাউন্ড (৪০.৪ লাখ দিরহাম) করে অর্থ সহায়তা পাবেন।
টেন্ডুলকারের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে, যার ফলে ভারতে অবস্থানকালে ক্রিকেট আইকন ও রাজকীয় দম্পতির আবারও দেখা হওয়ার সুযোগ তৈরি হবে। এই সফরের সময় ক্রিকেট কিংবদন্তি বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্দেশ্য এবং রাজপরিবার এমন একটি মহৎ কাজের (আর্থশট প্রাইজ) জন্য এই উদ্যোগ নিয়েছে।
ভারতীয় এই কিংবদন্তির কাছে সোমবারের এই সাক্ষাৎটি ছিল উইলিয়াম ও কেটের সঙ্গে আবারও যুক্ত হওয়ার একটি সুযোগ। তাদের এই সাক্ষাৎ দম্পতিটির মুম্বাইয়ে আগের সফরের কথা মনে করিয়ে দেয়; সেই সফরে ক্রিকেট তাদের ভারত ভ্রমণের অন্যতম স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছিল।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)