রাজধানীর তুরাগ থানা এলাকা হতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বর্তমান যুগ্ম আহ্বায়ক ও সাবেক শ্রমিক লীগ নেতা মো. সোলেমান ওসমানকে (৪১) গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে দিয়াবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপি তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এসআই মুহাইমিনুল ইসলাম লিমনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সোলেমান ওসমান তুরাগ থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে তুরাগ থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।
পুলিশের দাবি, সোলেমান তুরাগ থানাসহ ডিএমপির বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারবিরোধী স্লোগান, ঝটিকা মিছিল ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট। এ বিষয়ে তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।
পুলিশ আরও জানায়, থানার অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনা করে তার বিরুদ্ধে তুরাগ থানাসহ বিভিন্ন থানায় মোট পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া, ২০২৪ সালে মতিঝিল থানাসহ বিভিন্ন এলাকায় চেক প্রত্যাখ্যানের অভিযোগে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় করা চারটি মামলায়ও তিনি অভিযুক্ত।
গ্রেফতারকৃত ওসমানের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)