গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে আট প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। আগামী ১৯ নভেম্বরের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।
তিনি বলেন, মোতায়েন করা আনসার ব্যাটালিয়ন সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা, প্রধান সড়ক ও মহাসড়ক এবং স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুর প্রতিরোধ এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।
যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা সদস্যদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। রাষ্ট্রীয় সম্পদ ও জনসাধারণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করাই এ মোতায়েনের মূল উদ্দেশ্য।
এর আগে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর ও নারায়ণগঞ্জে আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়। বর্তমানে গাজীপুরে ছয় প্লাটুন এবং নারায়ণগঞ্জে চার প্লাটুন সদস্য গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালন করছেন।
গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ মোতায়েন কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
এদিকে সোমবার সকাল থেকে গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। সতর্ক রয়েছেন পুলিশ সদস্যরাও।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)