বগুড়ার শেরপুরের শাহ বন্দেগী ইউনিয়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের মধ্যে ফুটবল ও ক্যারম বোর্ড বিতরণ করেছে ইউনিয়ন পরিষদ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পরিষদের উদ্যোগে মোট ১২৩টি প্রতিষ্ঠানকে এসব খেলাধুলার সামগ্রী দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু, শাহ বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। এ সময় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ফুটবল ও ক্যারম বোর্ড পেয়েছে ৯টি প্রাথমিক বিদ্যালয়, ৪টি উচ্চ বিদ্যালয় ও ২টি মাদ্রাসা। এ ছাড়া কিছু বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল, মাদ্রাসা ও ক্লাবকেও এসব সামগ্রী দেওয়া হয়েছে। ফুটবল দেওয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে, আর ক্যারম বোর্ড দেওয়া হয়েছে ক্লাব ও সংঘগুলোতে।
আয়োজকেরা বলছেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বই পড়ার অভ্যাসে তরুণদের যুক্ত রাখা গেলে তাঁদের মাদক ও নেতিবাচক কাজ থেকে দূরে রাখা সম্ভব।
বিতরণের পাশাপাশি এদিন উচরং বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করা হয়। পরিদর্শনে বিদ্যালয়ের বিদ্যমান গ্রন্থাগারটি নতুন করে চালু করতে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়া হয়। সৃজনশীল মন ও আলোকিত প্রজন্ম গড়তে আগামী শিক্ষাবর্ষ থেকে প্রতিটি শ্রেণির জন্য সপ্তাহে একদিন গ্রন্থাগার ক্লাস রাখার অনুরোধ জানানো হয়
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)