
অনলাইনে ক্ষতিকর কনটেন্ট ও ব্যবহারকারীদের জন্য ঝুঁকিপূর্ণ কার্যক্রম নিয়ন্ত্রণে ব্যর্থ হলে গুগল, মেটা, টিকটকসহ বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে তাদের বৈশ্বিক আয়ের ৫ শতাংশ পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। এ লক্ষ্যে নতুন আইন প্রণয়নে বিরোধী গ্রিনস পার্টির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার সরকার। একই সঙ্গে অনলাইনে ক্ষতির শিকার ব্যক্তিদের প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে সরাসরি মামলা করার সুযোগ দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এই সমঝোতার ঘোষণা দেওয়া হয়। এর ফলে সরকারের প্রস্তাবিত ‘ডিজিটাল ডিউটি অব কেয়ার’ বিলটি পার্লামেন্টে পাস হওয়ার পথ তৈরি হয়েছে। নতুন সমঝোতায় জরিমানার সর্বোচ্চ সীমা আগের প্রস্তাবিত ১০ কোটি ৯০ লাখ অস্ট্রেলীয় ডলার থেকে বাড়িয়ে কোম্পানির বৈশ্বিক আয়ের ৫ শতাংশ করার কথা বলা হয়েছে। কোনো কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের বার্ষিক আয় কয়েক শ কোটি নয়, বরং কয়েক শ বিলিয়ন ডলার হওয়ায় এই জরিমানার পরিমাণও বিপুল হতে পারে।
অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এবিসি জানিয়েছে, নতুন ব্যবস্থায় অনলাইনে ক্ষতির শিকার ব্যক্তিরা সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে মামলা করতে পারবেন। বর্তমানে দেশটির অনলাইন নিরাপত্তা আইনে মূলত ই-সেফটি কমিশনারের মাধ্যমে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করার ব্যবস্থা রয়েছে। ব্যক্তিগতভাবে ক্ষতিপূরণ আদায়ের সুযোগ তুলনামূলকভাবে জটিল। নতুন আইন সেই পরিস্থিতি বদলাতে পারে।
কী ধরনের ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণ করতে হবে
প্রস্তাবিত আইনে সামাজিক যোগাযোগমাধ্যম, সার্চ ইঞ্জিন, বার্তা আদান-প্রদানের অ্যাপ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটসহ বিভিন্ন অনলাইন সেবাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এসব প্রতিষ্ঠানকে শুধু অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নিলেই চলবে না; বরং সম্ভাব্য ঝুঁকি আগে থেকে শনাক্ত করে ক্ষতিকর অভিজ্ঞতা ঠেকাতে সক্রিয় পদক্ষেপ নিতে হবে।
আইনের আওতায় শিশু যৌন নিপীড়নসংক্রান্ত উপাদান, সম্মতি ছাড়া তৈরি বা ছড়িয়ে দেওয়া ভুয়া নগ্ন ছবি, লিঙ্গভিত্তিক সহিংসতা, আত্মক্ষতিতে উৎসাহিত করে এমন কনটেন্ট এবং সন্ত্রাসবাদে উসকানিমূলক উপাদান নিয়ন্ত্রণের বিষয় রয়েছে।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তিকর নকশা ও অ্যালগরিদমের প্রভাবও গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে অনবরত স্ক্রল করার ব্যবস্থা বা ‘ইনফিনিট স্ক্রল’ ব্যবহারকারীদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে আটকে রাখতে পারে। এ ধরনের নকশার কারণে ব্যবহারকারীরা ক্ষতির মুখে পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দায়বদ্ধ করার ব্যবস্থা রাখা হচ্ছে।
এবিসির প্রতিবেদন অনুযায়ী, নতুন ব্যবস্থায় অস্ট্রেলিয়ার ১৬ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীরা অ্যালগরিদমনির্ভর ফিড বন্ধ করে শুধু নিজেদের অনুসরণ করা অ্যাকাউন্টগুলোর পোস্ট দেখার সুযোগ পাবেন। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও সহিংসতার হুমকি, অনুসরণ করে হয়রানি এবং সম্মতি ছাড়া ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার মতো গুরুতর ক্ষতি থেকে সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
জরিমানার সীমা বাড়ল কেন
লেবার সরকারের আগের প্রস্তাবে আইন লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ১০ কোটি ৯০ লাখ অস্ট্রেলীয় ডলার জরিমানার কথা ছিল। তবে গ্রিনস পার্টি জরিমানার পরিমাণ কোম্পানির বৈশ্বিক আয়ের সঙ্গে যুক্ত করার দাবি জানায়। শেষ পর্যন্ত সরকার তাতে সম্মত হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এসবিএস জানিয়েছে, মেটার মতো প্রতিষ্ঠানের ক্ষেত্রে বৈশ্বিক আয়ের ৫ শতাংশ জরিমানার পরিমাণ প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার হতে পারে। অর্থাৎ নতুন আইনে জরিমানার অঙ্ক কয়েক বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস বলেছেন, এটি অনলাইন নিরাপত্তায় বড় ধরনের সংস্কার। চলতি সপ্তাহেই পার্লামেন্টে আইনটি পাস করার বিষয়ে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের ভাষ্য, বিদেশি প্রযুক্তি কোম্পানির স্বার্থের পরিবর্তে অস্ট্রেলিয়ার অভিভাবক ও শিশুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়াই এই উদ্যোগের উদ্দেশ্য।
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আপত্তি
শিশুদের সুরক্ষা এবং অনলাইনে ক্ষতিকর কনটেন্ট কমানোর লক্ষ্য নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আপত্তি নেই। তবে প্রস্তাবিত আইনের পরিধি ও নিয়ন্ত্রক সংস্থার ক্ষমতা নিয়ে তাদের উদ্বেগ রয়েছে।
প্রযুক্তি খাতের প্রতিনিধিদের আশঙ্কা, কোন কনটেন্টকে ক্ষতিকর হিসেবে বিবেচনা করা হবে, সে বিষয়ে সরকারি কর্মকর্তাদের বিস্তৃত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকলে প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত সতর্ক হয়ে অনেক বৈধ কনটেন্টও সরিয়ে ফেলতে পারে। এতে মতপ্রকাশের স্বাধীনতা ও অনলাইন যোগাযোগের স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
এর আগে গুগলসহ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান সতর্ক করেছিল, আইনের কিছু বিধান বাস্তবায়ন করতে গিয়ে ব্যক্তিগত বার্তা, ই-মেইল ও ফাইল সংরক্ষণের মতো সাধারণ সেবাতেও বয়স যাচাই বা প্রবেশাধিকার নিয়ন্ত্রণের প্রয়োজন দেখা দিতে পারে। ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা নিয়েও প্রশ্ন উঠেছে।
অস্ট্রেলিয়ার বিরোধী কোয়ালিশনও বিলটির বিরোধিতা করছে। তাদের আশঙ্কা, প্রস্তাবিত আইন অনলাইন নিরাপত্তার নামে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের সুযোগ তৈরি করতে পারে। অন্যদিকে গ্রিনস পার্টির নেতারা বলছেন, বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে তাদের সেবার কারণে সৃষ্ট ক্ষতির দায় নিতে হবে।
ব্যবহারকারীদের অভিযোগ নিষ্পত্তির উদ্যোগ
নতুন সমঝোতায় প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যক্তিগত মামলা করার সুযোগের পাশাপাশি একটি স্বাধীন ডিজিটাল অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা গড়ে তোলার বিষয়ও রয়েছে। এর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন সেবার ব্যবহারকারীরা ছোটখাটো অভিযোগ ও বিরোধ নিষ্পত্তির জন্য একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম পাবেন। এছাড়া অনলাইনে ক্ষতিকর ছবি সরিয়ে ফেলার ক্ষেত্রে ই-সেফটি কমিশনারের ক্ষমতা বাড়ানো এবং ব্যবহারকারীদের গোপনীয়তা সুরক্ষার বিষয়েও নতুন বিধান যুক্ত করার কথা বলা হয়েছে।
লেবার ও গ্রিনসের সমঝোতার ফলে বিলটি পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে পাস হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আইনটি চূড়ান্তভাবে পাস ও কার্যকর না হওয়া পর্যন্ত কোম্পানিগুলোর ওপর নতুন জরিমানা আরোপ শুরু হচ্ছে না।
তথ্য সূত্র- রয়টার্স।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)