ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবির ওয়ারী বিভাগের একটি দল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিবি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন।
ডিবি সূত্রে জানা গেছে, লালমাটিয়ার ১/১২ নম্বর সি ব্লকের একটি বাসায় থাকতেন মুনতারিন ফেরদৌস ডরিন। তার বাবা প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতিও ছিলেন।
পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ডরিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডরিনের আইডি পর্যালোচনা করে দেখা গেছে, তিনি আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন পোস্ট দিতেন। বিশেষ করে ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করেও তার আইডি থেকে একের পর এক উসকানিমূলক পোস্ট দেওয়া হচ্ছিলো।
উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে কলকাতার নিউ টাউনের একটি বিলাসবহুল ভবনে নিহত হন সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)