আত্মহত্যায় সহায়তার উদ্দেশ্যে বিষ বিক্রির দায়ে অভিযুক্ত এক ব্যক্তির ২৫ বছরের কারাদণ্ড চেয়েছেন কানাডার সরকারি কৌঁসুলিরা। শুক্রবার আদালতে তারা বলেন, অভিযুক্তের শিকার ব্যক্তিদের অধিকাংশই ছিলেন তরুণ এবং মানসিক সংকটে ভুগছিলেন।
সাবেক শেফ কেনেথ ল চলতি বছরের শুরুতে কানাডায় ১৪ জনের আত্মহত্যায় সহায়তার দায় স্বীকার করেন। পাশাপাশি, বিভিন্ন অনলাইন ফোরামের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে শত শত কথিত ‘আত্মহত্যার কিট’ বা আত্মহত্যার উপকরণ বিক্রির কথাও তিনি স্বীকার করেছেন।
তার বিরুদ্ধে হত্যার অভিযোগও আনা হয়েছিল। তবে পর্যাপ্ত প্রমাণ না থাকায় গুরুতর এসব অভিযোগ প্রত্যাহারে সম্মত হন কৌঁসুলিরা। বিনিময়ে কেনেথ ল অপেক্ষাকৃত কম গুরুতর অপরাধের দায় স্বীকার করেন।
এই সিদ্ধান্তে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিশেষ করে নিহত ব্যক্তিদের স্বজন ও বন্ধুরা এর নিন্দা জানান। তাদের বিশ্বাস, কেনেথ ল সরাসরি তাদের প্রিয়জনদের মৃত্যুর জন্য দায়ী। তবে কৌঁসুলিরা জানিয়েছেন, অভিযোগ কমানো হলেও তার বিরুদ্ধে কঠোর সাজা চাওয়া হবে।
শুক্রবার আদালতে সরকারি কৌঁসুলি কেটি ডোহার্টি বলেন, ‘এই মামলায় কেনেথ ল-এর ২৫ বছরের কারাদণ্ড বা সাজা হওয়া উচিত । তবে ইতোমধ্যে কারাভোগ করা সময় এই সাজা থেকে বাদ দিতে হবে।’
অন্যদিকে, কেনেথ ল-এর আইনজীবীরা তার বিরুদ্ধে কার্যত যাবজ্জীবন কারাদণ্ডের সমতুল্য সাজা দেওয়ার বিরোধিতা করেছেন। ৬১ বছর বয়সী ল আদালতে বলেন, তার কর্মকাণ্ড যে ‘সম্পূর্ণভাবে ভুল’ ছিল, তা তিনি বুঝতে পেরেছেন। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি নিজেও পরিবর্তিত হয়েছেন।
তিনি বলেন, ‘আমি এখনো অনুতপ্ত।’
সাজা নির্ধারণের ক্ষেত্রে আদালত সাধারণত একই ধরনের আগের মামলাগুলো বিবেচনায় নিয়ে থাকেন। তবে কৌঁসুলি কেটি ডোহার্টি উল্লেখ করেন, ‘ল-এর কর্মকাণ্ডের সঙ্গে সামান্যতম মিল রয়েছে, এমন কোনো মামলাও নেই।’
আগামী ২৬ ফেব্রুয়ারি আদালত তার সাজা ঘোষণা করবেন।
অরক্ষিত তরুণদের লক্ষ্যবস্তু
কেনেথ ল-এর গ্রেপ্তারের পর তার কর্মকাণ্ডের ব্যাপকতা প্রকাশ পেলে কানাডাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তিনি চীন, ফ্রান্স ও ব্রাজিলসহ অন্তত ৪১টি দেশের মানুষের কাছে বিষ বিক্রি করেছিলেন। আসামি ও সরকারি কৌঁসুলিদের স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের ক্রেতাদের কাছে তিনি ৩৩০টি প্যাকেট বিক্রি করেন। কানাডার কৌঁসুলিদের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে তার কর্মকাণ্ডের সঙ্গে ৭৯টি মৃত্যুর যোগসূত্র রয়েছে।
কেনেথ ল স্বীকার করেছেন, তিনি ছদ্মনাম ব্যবহার করে আত্মহত্যা-সংক্রান্ত অনলাইন চ্যাট ফোরামে প্রবেশ করতেন। সেখানে যারা আত্মহত্যার কথা ভাবছিলেন, তাদের শনাক্ত করে নিজের অনলাইন দোকানের ঠিকানা দিতেন। এসব দোকানের মাধ্যমে তিনি সোডিয়াম নাইট্রাইট নামের মাংস সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিকের প্রাণঘাতী মাত্রা বিক্রি করতেন।
কৌঁসুলি ডোহার্টি বলেন, কেনেথ ল এমন ব্যক্তিদের কাছে বিষ বিক্রি করেছেন, যারা ‘জীবন শুরুই করছিলেন’ এবং ‘মানসিক অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন’।
তিনি বলেন, ‘এই মামলায় এটি অপরাধের গুরুত্ব বাড়িয়ে দেওয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।’
কেনেথ ল ২১ বছর বয়সী স্টিফেন মিচেল জুনিয়রের আত্মহত্যায় সহায়তা করার কথা স্বীকার করেছেন। শুক্রবার এ মামলার শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত স্টিফেনের বাবা।
টরন্টোর উত্তরে নিউমার্কেটে অবস্থিত আদালত ভবনের বাইরে বৃষ্টিভেজা বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
মামলাটিকে ‘নজিরবিহীন’ উল্লেখ করে স্টিফেন মিচেল সিনিয়র বলেন, ‘তবে মূল বিষয়টি হলো, একজন ব্যক্তি আমার ছেলের মতো মানসিকভাবে বিপর্যস্ত ও ঝুঁকির মধ্যে থাকা তরুণদের কাছে প্রাণঘাতী পণ্য বিক্রি করছেন। এটি স্পষ্টতই অন্যায়। এ ধরনের কর্মকাণ্ড সমাজের জন্য ক্ষতিকর। তাই এটি অবশ্যই বন্ধ করতে হবে।’ সূত্র: বিবিসি
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)