প্রখ্যাত মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ডের ২৪তম বই এবং নতুন আত্মজীবনী ‘সিক্রেটস: অ্যা রিপোর্টার্স মেমোয়ার’-এর মূল উপজীব্য বিষয় হলো ভয়। শৈশবে বাবা-মায়ের বিচ্ছেদের ভয়, আগুন ও পারমাণবিক অস্ত্রের প্রতি আজীবন ভয়, সাংবাদিক হিসেবে গুরুত্বপূর্ণ খবর মিস করার ভয় এবং ডোনাল্ড ট্রাম্পের মতো ডেঞ্জারাস প্রেসিডেন্টের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ও বিশ্ব শাসনব্যবস্থা ভেঙে পড়ার ভয়; এসব নিয়েই তিনি খোলামেলা আলোচনা করেছেন। বর্তমানে ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখোমুখি হয়েও আগামী দুই বছর বিশৃঙ্খলা সৃষ্টির ইঙ্গিত দিচ্ছেন।
উডওয়ার্ড ট্রাম্পকে নিয়ে ইতোমধ্যে চারটি বই লিখেছেন, যার প্রথমটির নামই ছিল ‘ফিয়ার’ বা ভয়। বর্তমানে ট্রাম্প তাকে কতটা ভীত করেন; এমন প্রশ্নের জবাবে উডওয়ার্ড সোজা ভাষায় জানান যে ট্রাম্প কেবল আমেরিকার জন্য নয়, পুরো বিশ্বের জন্যই একটি চরম বিপদ। উডওয়ার্ড দীর্ঘদিন এই পেশায় থাকার অভিজ্ঞতার আলোকে ট্রাম্পের কার্যক্রম বোঝার চেষ্টা করছেন এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি হলো ট্রাম্প কর্তৃক ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা। তিনি স্মরণ করিয়ে দেন যে ইরান কোনো ভালো শাসনব্যবস্থা নয়, কিন্তু আমেরিকার সফল ঐতিহ্য হলো আক্রমণ শিকারের পর যুদ্ধে যাওয়া, আগ বাড়িয়ে যুদ্ধ শুরু করা নয়।
হোয়াইট হাউসে রিচার্ড নিক্সনের পতন ঘটেছিল ওয়াটারগেট কেলেঙ্কারির খবরের সূত্র ধরে, যা বব উডওয়ার্ড এবং কার্ল বার্নস্টাইন দ্য ওয়াশিংটন পোস্টে প্রথম প্রকাশ্যে এনেছিলেন। সেই সময় নিক্সনের বিরুদ্ধে নিজ দল অর্থাৎ রিপাবলিকান পার্টির নেতারাও অবস্থান নিয়েছিলেন। অ্যারিজোনার সেনেটর ব্যারি গোল্ডওয়াটার নিক্সন সোজাসুজি জানিয়ে দিয়েছিলেন যে সেনেটে তাকে টিকিয়ে রাখার মতো পর্যাপ্ত ভোট নেই, যার ফলে নিক্সন পদত্যাগ করতে বাধ্য হন। উডওয়ার্ড আক্ষেপ করে প্রশ্ন তুলেছেন, আজ ট্রাম্পের চোখের দিকে তাকিয়ে তাকে এভাবে থামানোর মতো কেউ কি রিপাবলিকান পার্টিতে আছে? তিনি মনে করেন এমনটি ঘটার কোনো সুযোগ নেই কারণ রিপাবলিকান পার্টি এখন পাথর হয়ে গেছে এবং তারা ট্রাম্পকে মোকাবিলা করা বা দেশকে রক্ষা করার বদলে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। উডওয়ার্ড ট্রাম্পকে একটি দুঃস্বপ্ন হিসেবে উল্লেখ করে বলেন যে তিনি নিক্সনের চেয়েও অনেক বেশি ভয়ানক। কোনো প্ররোচনা ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা এবং তা চালিয়ে যাওয়া আমেরিকান প্রেসিডেন্টদের ইতিহাস ও মূল ধারার সম্পূর্ণ পরিপন্থী, যা ট্রাম্পকে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট প্রেসিডেন্টে পরিণত করেছে।
উডওয়ার্ডের এই আত্মজীবনীতে তার সাংবাদিকতা জীবনের নানা ভুল ও সাফল্যের কথা স্থান পেয়েছে। জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের সময় ইরাকে গণবিধ্বংসী অস্ত্র আছে এমন ভিত্তিহীন দাবি গভীরভাবে পরীক্ষা না করাকে তিনি নিজের অন্যতম বড় ভুল হিসেবে স্বীকার করেছেন। সেই যুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল। তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রাক্তন জেনারেল কোলিন পাওয়েল ভুল তথ্য প্রচারের অংশ হলেও উডওয়ার্ড বিশ্বাস করেন পাওয়েল অন্তত সঠিক কাজ করার চেষ্টা করেছিলেন।
উডওয়ার্ড এমন একজন প্রেসিডেন্ট কামনা করেন যিনি সহজে যুদ্ধে যেতে চাইবেন না এবং সামরিক শক্তিকে শেষ ভরসা হিসেবে রিজার্ভে রাখবেন। ট্রাম্পের পাশে বর্তমানে এমন কোনো ব্যক্তি নেই যিনি তাকে ভালো পরামর্শ দিতে পারেন বা শাসনব্যবস্থায় কিছুটা বুদ্ধিমত্তা প্রবেশ করাতে পারেন। মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের সাবেক চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি প্রকাশ্যে উডওয়ার্ডকে বলেছিলেন যে ট্রাম্প দেশের জন্য হুমকি এবং একজন আদ্যোপান্ত ফ্যাসিবাদের অনুসারী। পরবর্তীতে জো বাইডেন মিলি কে ক্ষমা করলেও ট্রাম্প ক্ষমতায় ফিরেই মিলিকে তার উপদেষ্টা পদ থেকে বরখাস্ত করেন।
‘সিক্রেটস’ বইটিতে উডওয়ার্ডের ব্যক্তিগত জীবনের অত্যন্ত বেদনাদায়ক অধ্যায়গুলোও উন্মোচিত হয়েছে। শৈশবে তার মা দ্বিমুখী মানসিক রোগে (বাইপোলার ডিসঅর্ডার) ভুগছিলেন এবং একদিন তার বাবার সেরা বন্ধুর সাথে পালিয়ে যান। এই মর্মান্তিক ঘটনাটি উডওয়ার্ডের ভেতরে দুটি প্রধান অনুভূতি তৈরি করেছিল—একাকীত্ব এবং স্বাবলম্বী হওয়ার তীব্র স্বাধীন মানসিকতা। এই ব্যক্তিগত অভিজ্ঞতা তার সাংবাদিকতা জীবন থেকে আলাদা নয়।
নিজের বাবার ড্রয়ার ঘেঁটে মা-বাবার বিচ্ছেদের চিঠি খোঁজা কিংবা বিচারক বাবার আদালতে ঘুরে বেড়ানোর স্মৃতি তাকে তাড়িয়ে বেড়ায়। পরবর্তীতে ওয়াটারগেট খবরের মূল উৎস এফবিআই-এর তৎকালীন উপ-পরিচালক মার্ক ফেল্ট (যিনি ডিপ থ্রোট নামে পরিচিত ছিলেন) এবং ওয়াশিংটন পোস্টের কিংবদন্তি সম্পাদক বেন ব্র্যাডলি উডওয়ার্ডের জীবনে অভিভাবক ও ভাইয়ের স্থান দখল করে নেন। ব্র্যাডলির মূল লক্ষ্যই ছিল যে কোনো মূল্যে আসল সত্য ও আসল খবর বের করে আনা।
সাংবাদিকদের জন্য উডওয়ার্ডের সহজ বার্তা হলো—ঘটনাস্থলে উপস্থিত থাকুন, মানুষের সাথে কথা বলুন এবং সত্যতা শতভাগ যাচাই করে নিন। উডওয়ার্ড তার সোর্স বা খবরের উৎসদের সাথে সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত কড়া মনোভাব বজায় রাখতেন। উদাহরণস্বরূপ, জর্জ এইচ ডব্লিউ বুশের সময়কার বাজেট কর্মকর্তা রিচার্ড ডারম্যানের সাথে তার গভীর বন্ধুত্ব নষ্ট হয়ে গিয়েছিল, কারণ উডওয়ার্ড ডারম্যানের সাক্ষাৎকার থেকে প্রাপ্ত বুশ প্রশাসনের অর্থনৈতিক নীতি সম্পর্কিত কড়া সমালোচনা পত্রিকায় প্রকাশ করে দিয়েছিলেন, যা নির্বাচনে বুশকে ক্ষতিগ্রস্ত করেছিল।
অনেকে উডওয়ার্ডের ইন্টারভিউ নেওয়ার ধরনকে শিশুর মতো সাহায্য চাওয়ার ভঙ্গি হিসেবে বিশ্লেষণ করলেও উডওয়ার্ড স্বীকার করেন যে শৈশবের একাকীত্ব ও স্বাধীনতাই তাকে খবর বের করার ক্ষেত্রে এই অনন্য শক্তি দিয়েছে। আত্মজীবনী প্রকাশের পর উডওয়ার্ড ট্রাম্প ও ইরানের মধ্যকার সম্ভাব্য আন্তর্জাতিক চক্রান্ত এবং ট্রাম্পের প্রেসিডেন্ট পদে থেকে কোটি কোটি ডলার আয় করার অভূতপূর্ব ব্যক্তিগত স্বার্থ নিয়ে আরও কাজ করার সংকল্প ব্যক্ত করেন এবং সামনের দিনগুলোর জন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)