নেত্রকোনা ও ময়মনসিংহ সীমান্তে পৃথক যৌথ অভিযানে পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, আটক ব্যক্তিরা মানব পাচারের পাশাপাশি চোরাচালানের সঙ্গেও জড়িত।
রবিবার (২৯ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার রোধে ৩১ বিজিবির অধীন চারুয়াপাড়া ও দুর্গাপুরের বিজয়পুর বিওপির সদস্যরা পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে যৌথ অভিযান চালান। রোববার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গাছুয়াপাড়া এলাকায় চারটি অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে এসব অভিযান থেকে চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, ধোবাউড়া উপজেলার গোবরচুনা গ্রামের মো. রুবেল হোসেন, এনামুল হক (৩৩), মো. আনোয়ার হোসেন (৩০) ও মো. আজহারুল ইসলাম (২৭)। তাঁদের মধ্যে রুবেলের বিরুদ্ধে আগে থেকেই তিনটি মামলা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অন্যদিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার জগতকুড়া এলাকায় বিজয়পুর বিওপির অধীন আরেকটি যৌথ অভিযান চালিয়ে মো. হারুন মিয়া (৪২) নামের একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধেও আগে থেকে তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, আটক পাঁচজনই চোরাচালানের সঙ্গে জড়িত। চারুয়াপাড়া বিওপির হাতে আটক চারজনকে ধোবাউড়া থানায় এবং বিজয়পুর বিওপির হাতে আটক একজনকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। সীমান্তে বিজিবির টহল অব্যাহত রয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)