সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠছে গরুর কলিজা, অগ্ন্যাশয়, কিডনি, হৃৎপিণ্ডসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ থেকে তৈরি পুষ্টিসম্পূরক বা সাপ্লিমেন্ট। এসব ক্যাপসুল খেলে শারীরিক শক্তি বাড়ে, স্মৃতিশক্তি ও মানসিক স্বচ্ছতা উন্নত হয়, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে এবং ত্বক ও দৃষ্টিশক্তির উন্নতি ঘটে- এমন নানা দাবি করছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।
তবে এসব দাবির পক্ষে পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং সাপ্লিমেন্টগুলোর মান, পুষ্টি উপাদানের পরিমাণ ও অতিরিক্ত সেবনের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ২৭ নভেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত গরু ছাড়াও বাইসন ও এলকের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ শুকিয়ে গুঁড়া করে এসব ক্যাপসুল তৈরি করা হয়। পুরুষদের জন্য বাজারজাত পণ্যগুলোতে টেস্টোস্টেরন, প্রজননক্ষমতা ও শারীরিক সক্ষমতা বাড়ানোর দাবি করা হয়। অন্যদিকে নারীদের জন্য তৈরি পণ্যগুলো হরমোনের ভারসাম্য রক্ষা এবং মাসিকের অনিয়ম ও ব্যথা কমানোর প্রতিশ্রুতি দেয়।
তবে প্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ পুষ্টিগুণে সমৃদ্ধ হলেও সেগুলো থেকে তৈরি ক্যাপসুলে একই পরিমাণ পুষ্টি পাওয়া যায় কি না, তা নিয়ে যথেষ্ট গবেষণা নেই।
পুষ্টিবিদদের তথ্য অনুযায়ী, রান্না করা ৮৫ গ্রাম গরুর কলিজায় প্রায় ৫ দশমিক ৬ মিলিগ্রাম আয়রন, ২ দশমিক ৯১ মিলিগ্রাম রিবোফ্লাভিন এবং ৬০ মাইক্রোগ্রাম ভিটামিন বি১২ থাকে। একই পরিমাণ গরুর মাংসের তুলনায় কলিজায় এসব পুষ্টি উপাদানের পরিমাণ অনেক বেশি। তবে কলিজায় অতিমাত্রায় ভিটামিন এ থাকায় অতিরিক্ত গ্রহণ বিপজ্জনক হতে পারে।
হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক ও সাপ্লিমেন্টের নিরাপত্তা গবেষক ড. পিটার কোহেন বলেন, এসব পণ্য তৈরির ক্ষেত্রে নির্দিষ্ট কোনও মানদণ্ড নেই। কোন অঙ্গ ব্যবহার করা হবে, কীভাবে শুকানো হবে কিংবা কতটা ঘনীভূত করা হবে- তা অনেকটাই উৎপাদনকারীর সিদ্ধান্তের ওপর নির্ভর করে।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এসব সাপ্লিমেন্ট তৈরির প্রক্রিয়া ও উপাদানের মান ওষুধের মতো করে তদারক করে না। ২০২০ সালে ৪৯টি গরুর কলিজার সাপ্লিমেন্ট নিয়ে করা এক গবেষণায় দেখা যায়, অধিকাংশ পণ্যের মোড়কে ভিটামিন ও খনিজ উপাদানের পরিমাণ উল্লেখ ছিল না।
বিশেষজ্ঞদের সতর্কতা, একাধিক সাপ্লিমেন্ট একসঙ্গে গ্রহণ করলে শরীরে কোনও কোনও পুষ্টি উপাদানের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে পারে। বিশেষ করে অতিরিক্ত ভিটামিন এ যকৃতে জমে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। গর্ভাবস্থায় এর অতিরিক্ত গ্রহণ শিশুর জন্মগত ত্রুটির ঝুঁকিও বাড়ায়।
পুষ্টিবিদদের মতে, সুষম খাদ্যাভ্যাসের মাধ্যমেই অধিকাংশ মানুষের প্রয়োজনীয় পুষ্টি পাওয়া সম্ভব। তাই চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া এসব সাপ্লিমেন্ট গ্রহণ না করার পরামর্শ দিয়েছেন তারা। সূত্র: সিএনএন
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)