
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোটের সময় হলুদ খাম খোলার পর ‘পোস্টাল বিডি’ মোবাইল অ্যাপ থেকে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ ম্যানুয়ালি অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে ঘোষণাপত্র ও ব্যালট আলাদা করে গণনা করা হবে এবং ভোটার ও প্রদত্ত ভোটকে একত্রে চিহ্নিত করার কোনো সুযোগ থাকবে না।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন–বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।
তিনি বলেন, মোবাইল অ্যাপ-এর সাথে ঘোষণাপত্র ও ব্যালট পেপারে ভোট প্রদানের কোন সম্পর্ক নেই। ঘোষণাপত্রে স্বাক্ষর ও ব্যালটে ভোট প্রদান সম্পূর্ন ম্যানুয়াল প্রক্রিয়া।
তিনি আরও বলেন, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ব্যালট প্রাপ্তির পর থেকে হলুদ খাম হতে মোবাইল অ্যাপ বিচ্ছিন্ন হয়। ভোট গণনার সময় সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে প্রথমেই সংশ্লিষ্ট আসনের হলুদ খাম খুলে ঘোষণাপত্র ও ব্যালট আলাদাভাবে রাখা হবে। পরবর্তী ধাপে ব্যালট দুটি আলাদা করে প্রক্রিয়া অনুযায়ী গণনা শুরু করা হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটার ও প্রদত্ত ভোট একসঙ্গে চিহ্নিত করার কোন সুযোগ নেই।
ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)