
জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদরদপ্তরে অপারেশন কন্ট্রোল রুম এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
বুধবার(১১ ফেব্রুয়ারি) সকালে তিনি এসব স্থান পরিদর্শন করেন।
পুলিশ সদরদপ্তরের অপারেশন কন্ট্রোল রুমে গিয়ে উপদেষ্টা সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জাতীয় নির্বাচন উপলক্ষে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের ব্যবহৃত বডি ওয়ার্ন ক্যামেরার কার্যক্রমও পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ অতিরিক্ত আইজিপিরা উপস্থিত ছিলেন।
এরপর নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ দেন।
তিনি বলেন, কোনো ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোট প্রদানসহ কোনো ধরনের অনিয়মের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রেও যান। সেখান থেকে ঢাকার বিভিন্ন আসনে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হচ্ছে। নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা তিনি সেখানেও খতিয়ে দেখেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)