প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৯:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৪:৪৬ পি.এম
কাজিপুরে ন্যায্যমূল্যের দোকানের কার্যক্রম উদ্বোধন

সিরাজগঞ্জের কাজিপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিম্ন আয়ের মানুষের মাঝে চলতি বাজার মূল্যের চেয়ে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে ন্যায্যমূল্যের দোকানের ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মার্কেটে ন্যায্যমূল্য দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
এ সময় তিনি জানান, উপজেলা প্রশাসনের নিজস্ব ব্যবস্থাপনায় পণ্য ক্রয় এবং স্থানীয় দোকানীদের সহযোগিতায় এ কার্যক্রম রমজান মাস জুড়ে চলবে। নির্ধারিত দামে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য যে কেউ কিনতে পারেন, ভবিষ্যতে পণ্য সম্ভার আরো বাড়ানো এবং উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান থেকে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সেবা দেয়ার পরিকল্পনা রয়েছে। এ দিন ন্যায্যমূল্যর দোকানে ডিম ৩২ টাকা হালি, ছোলা ৮৫ টাকা কেজি, দুধ ৭০ টাকা লিটার এবং আলু ২৩ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)