পবিত্র রমজান মাস উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে গরুর মাংস বিক্রির উদ্যোগ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
সোমবার দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে সাধারণ মানুষের জন্য ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন মাজেদ বাবু। পর্যায়ক্রমে মাংসের পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যও সুলভ মূল্যে বিক্রির পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
এ সময় মাংস কিনতে আসা সাধারণ মানুষের উদ্দেশ্যে মাজেদ বাবু বলেন, উপজেলা প্রশাসন ও বাজার কমিটি থেকে শুরু করে আমাদের সবার কাজ আপনাদের জন্য ভালো কিছু করা। আমরা সেই ধারা অব্যাহত রাখব। আপনাদেরও সহযোগিতা চাই। সবাইকে হয়তো আমরা সব দিতে পারব না, সবার পাশে আমরা দাঁড়াতে পারব না-এটা আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। আপনারা সবাই সুশৃঙ্খলভাবে এই মাংসটা নিবেন এবং আমরা এরকম ভালো কাজ সবাইকে নিয়ে সামনে আরও করতে চাই, আমাদের সহযোগিতা করবেন।
ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের এই নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, রাজনীতি হোক মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। আমি চাই না দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে আমার ঈশ্বরগঞ্জের কোনো পরিবার রমজানে মাংসের স্বাদ থেকে বঞ্চিত থাকুক।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)