টি-টোয়েন্টি বিশ্বকাপে ঐতিহাসিক অভিযান শেষ হতেই নতুন বিতর্কে জড়িয়ে পড়েছে ইতালিয়ান ক্রিকেট। দেশটির ক্রিকেট ফেডারেশনের এক কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন নারী দলের এক ক্রিকেটার।
অভিযোগের কেন্দ্রবিন্দুতে নারী ক্রিকেট সমন্বয়ক প্রবাথ একনেলিগোদা। ইতালির ক্রিকেট ফেডারেশন তাকে সাময়িক বরখাস্ত করেছে। বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিষয়টি ফেডারেল প্রসিকিউটরের কার্যালয়ে তদন্তাধীন।
বোর্ডের ভাষ্য, ২০২৫ সালের মধ্যে সভাপতির নির্দেশে সংশ্লিষ্ট ব্যক্তিকে সব ধরনের ফেডারেল দায়িত্ব ও কার্যক্রম থেকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
একই সঙ্গে বোর্ড বলেছে, ক্রীড়াঙ্গনের স্বচ্ছতা বজায় রাখা, গুজব ঠেকানো এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যক্তিগত মর্যাদা, ন্যায় বিচার এবং নির্দোষের ধারণার নীতিও গুরুত্ব পাচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদিকে বিবিসি স্পোর্টেসের প্রতিবেদনে বলা হয়েছে, একনেলিগোদার আইনজীবী অভিযোগ অস্বীকার করেছেন এবং এর পেছনে ‘ভিন্ন উদ্দেশ্য’ থাকার দাবি তুলেছেন। একনেলিগোদার মন্তব্য জানতে যোগাযোগ করা হয়েছে।
বরখাস্তাদেশ বহাল থাকলেও ইতালির মিডিয়া ম্যানেজার রাকবির হাসান নিশ্চিত করেছেন, একনেলিগোদা টি–টোয়েন্টি বিশ্বকাপে উপস্থিত ছিলেন। তবে তিনি কোনো সরকারি দায়িত্বে ছিলেন না; বোর্ড সভাপতি মারিয়া লোরেনা হাজ পাজের সফরসঙ্গী হিসেবে ভারতে গিয়েছিলেন।
বোর্ড আরও জানিয়েছে, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করছে।
এর মধ্যেই বোর্ডে চলছে অস্থিরতা। ইতালির বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর সভাপতি হাজ পাজ পদচ্যুত হয়েছেন। প্রধান নির্বাহী লুকা ব্রুনো মালাসপিনা জানিয়েছেন, ছয়জন বোর্ড সদস্যও পদত্যাগ করেছেন, ফলে ফেডারেল কাউন্সিল ভেঙে গেছে। তবে এসব পদত্যাগের সঙ্গে বর্তমান অভিযোগের সরাসরি সম্পর্ক নেই বলে দাবি বোর্ডের।
মাঠের লড়াইয়ে অবশ্য ইতালির পুরুষ দল নজর কেড়েছে। বিশ্বকাপে নেপালের বিপক্ষে ১০ উইকেটের জয়, ইংল্যান্ডের কাছে মাত্র ২৪ রানে হার- দুই ম্যাচই প্রশংসা কুড়িয়েছে। যদিও সুপার এইটে ওঠা হয়নি, তবু প্রথমবারের অংশগ্রহণেই ইতালির লড়াকু পারফরম্যান্স আলোচনায় ছিল।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)