চট্টগ্রামের নগরের চান্দগাঁও এলাকায় একটি সিএনজি স্টেশন থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোর চক্রের মূলহোতা মো. ইউনুছ রনি (৩৭) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল ) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার (উত্তর) মো. আমিরুল ইসলাম।
তিনি জানায়,গত ২৫ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে চান্দগাঁও থানার সিএন্ডবি মোড় এলাকায় ক্লিউইস্টন সিএনজি স্টেশনের অফিস কক্ষের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে চোরেরা। পরে তারা স্টিলের আলমিরার লকার ভেঙে নগদ ২৬ লাখ ২৯ হাজার ৩৫২ টাকা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী কামরুল ইসলাম থানায় মামলা করেন।
তিনি আরও জানান,গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার মৌলভীবাজার এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের মূলহোতা মো. ইউনুছ রনিকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনুছ রনি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ মোহরা এলাকার একটি কলোনির পাশের ঝোপঝাড় থেকে দুইটি প্লাস্টিকের বস্তায় রাখা ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।