মানবিকতা, দায়িত্ববোধ ও তাৎক্ষণিক তৎপরতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা। রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন তারা।
মঙ্গলবার (২৭ এপ্রিল) আনসার সদর দফতরের উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের প্রথম তলায় তিন বছর বয়সী একটি শিশুকে কান্নারত অবস্থায় দেখতে পান ডিউটিরত আনসার সদস্যরা। শিশুটির পাশে কোনো অভিভাবক না থাকায় তারা দ্রুত তাকে নিজেদের হেফাজতে নেন এবং নিরাপত্তা নিশ্চিত করেন।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আনসার সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় মাইকিংয়ের মাধ্যমে শিশুটির পরিচয় শনাক্তের উদ্যোগ নেন। অল্প সময়ের মধ্যেই শিশুটির মা সেখানে উপস্থিত হন এবং নিজের সন্তানের পরিচয় নিশ্চিত করেন।
পরে শিশুটিকে তার মায়ের কাছে নিরাপদে হস্তান্তর করা হলে সেখানে স্বস্তির পরিবেশ ফিরে আসে। সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত মা আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মানুষের নিরাপত্তা, সেবা ও মানবিক সহায়তায় সর্বদা সক্রিয় রয়েছে—এই ঘটনাটি তারই আরেকটি প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।