অসহায় ও অসচ্ছল মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নারীদের স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পক্ষ থেকে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
সোমবার (১৫ জুন) সন্ধ্যায় মিরপুরের পল্লবী ইস্টার্ন হাউজিংয়ে অবস্থিত ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর পক্ষে কার্যালয়ের কর্মকর্তারা উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।
এ সময় কর্মকর্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে আমিনুল হক নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছেন। সেলাই মেশিন বিতরণের মাধ্যমে সুবিধাভোগীরা আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন এবং পরিবারে আর্থিকভাবে অবদান রাখতে সক্ষম হবেন।
উপকারভোগীরা এ উদ্যোগের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।