রাজধানীজুড়ে কিশোর গ্যাং, চুরি-ছিনতাই ও নানা অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বসিলা পুলিশ ক্যাম্প উদ্বোধন ও ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, মোহাম্মদপুরে অপরাধ দমনে ৭০০ সিসি ক্যামেরা লাগানো হবে। মোহাম্মদপুর অপরাধ প্রবণ এলাকা হওয়ায় এখানে আমরা আরও একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করব। মোহাম্মদপুরে ইতোমধ্যে যে ফাঁড়ি উদ্বোধন করা হয়েছে সেখানে পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে।
রাজধানীর ৫০টি থানায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), সহকারী পুলিশ কমিশনার (এসি) ও পেট্রোল ইন্সপেক্টর দেওয়া হয়েছে। থানাগুলোতে আরও ৬০০ পুলিশ সদস্য নিয়োগ দেয়া হবে।
জেনেভা ক্যাম্পে ৫ তারিখের পরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। সেখানে অনেক পুলিশ মোতায়েন করা ছিল কিন্তু সেটি এখন কেন তুলে নেওয়া হলো?
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিচ্ছি। আমরা এখানে গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছি। পাশাপাশি র্যাব, ডিবি, পুলিশ কাজ করছে। অপরাধীদের ধরতে আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করছি। এই এলাকায় ধারালো অস্ত্র ব্যবহার করেই বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড করছে কিশোর গ্যাং সদস্যরা। আমরা তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধ দমনে আমরা কোনো কিছু থ্রেট মনে করছি না। অপরাধীদের ধরা আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।
এ সময় তিনি আরও বলেন, মোহাম্মদপুর ফাঁড়িগুলোতে আরও অতিরিক্ত অফিসার এবং ফোর্স মোতায়েন করা হবে। তাদের থাকার জন্য জায়গা দরকার সেগুলোকে বৃদ্ধি করা হবে বলে জানান তিনি।