জামায়াতে ইসলামী কর্তৃক বিএনপির বিরুদ্ধে ‘মিথ্যা অপপ্রচার’ এবং সারা দেশে আওয়ামী লীগের ‘বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে রাজধানীর রূপনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রূপনগর থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
সোমবার (২২ জুন) বিকেলে রাজধানীর রূপনগর মিল্কভিটা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রূপনগর আবাসিক এলাকার মোড়, দুয়ারীপাড়া ও ইস্টার্ন হাউজিং ঘরোয়া মোড় প্রদক্ষিণ করে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি একটি পূর্বনির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে জামায়াত-শিবির পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তারা দাবি করেন, বাজেটের পক্ষে বিএনপির কর্মসূচিতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা লাঠি, দলীয় পতাকা ও বিভিন্ন উপকরণ নিয়ে এসে উত্তেজনাকর পরিস্থিতি তৈরির চেষ্টা করেছিল। তবে স্থানীয় জনগণ ও বিএনপির নেতাকর্মীরা তা প্রতিহত করেন।
বক্তারা আরও বলেন, ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে জামায়াতের এক সংসদ সদস্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। নামাজ আদায়ে বাধা দেওয়ার অভিযোগকে ‘সম্পূর্ণ অসত্য’ উল্লেখ করে তারা বলেন, বাংলাদেশ মসজিদের দেশ এবং ধর্মীয় অনুশীলনে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না।
নেতারা দাবি করেন, ঘটনাকে অতিরঞ্জিত করে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করিয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি করা হয়েছে এবং গণমাধ্যমের সামনে বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়া হয়েছে। এসব ‘মিথ্যাচার ও অপপ্রচারের’ বিরুদ্ধে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পল্লবী জোনের টিম প্রধান মাহবুব আলম মন্টু, যুগ্ন আহবায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এ বি এম আব্দুর রাজ্জাকসহ রূপনগর থানা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।