বগুড়ার শেরপুরে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরজিনা খাতুন (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় শেরপুর উপজেলার বিশালপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আরজিনা খাতুন বিশালপুর গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে। তিনি শেরপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে আরজিনা নিজের ঘরে ব্যবহৃত মোবাইল ফোনটি চার্জারে প্লাগ-ইন করতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশালপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক। তিনি জানান, অসাবধানতাবশত ঘটে যাওয়া এ আকস্মিক দুর্ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।