‘হ্যারি পটার’ মানেই এক প্রজন্মের শৈশব, জাদুর দুনিয়া আর তিন বন্ধুর অসাধারণ এক অভিযাত্রা। সেই জগৎ নতুন মুখ নিয়ে ফিরছে- খবরটি প্রকাশের পর থেকেই তাই ভক্তদের মধ্যে ছিল উত্তেজনার পাশাপাশি সংশয়ও। তবে নতুন সিরিজের ট্রেলার প্রকাশের পর যেন সেই সংশয়ের বড় অংশই উবে গেছে। হ্যারি, রন ও হারমায়োনির নতুন রূপ দেখে এবার প্রশংসায় ভাসছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অনুরাগীরা।
চলতি বছরের মার্চে সিরিজটির ফার্স্ট লুক প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিশেষ করে ড্যানিয়েল র্যাডক্লিফ, রুপার্ট গ্রিন্ট ও এমা ওয়াটসনের জায়গায় নতুনদের দেখা যাবে- এ বিষয়টি সহজভাবে মেনে নিতে পারেননি অনেক পুরোনো ভক্ত। নতুন শিশু অভিনয়শিল্পীদের লুক ও উপস্থাপন নিয়েও তৈরি হয়েছিল নানা প্রশ্ন। তখন অনেকেরই আশঙ্কা ছিল, নতুন সিরিজে ‘হ্যারি পটার’-এর সেই পরিচিত আবহ আদৌ ফিরবে কি না। কিন্তু ট্রেলার প্রকাশের পর পাল্টে গেছে সেই পরিস্থিতি।
ট্রেলারে হগওয়ার্টসের পরিচিত পরিবেশ, জাদুর আবহ এবং হ্যারি পটার, রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জারের নতুন অবয়ব দর্শকদের মধ্যে তৈরি করেছে নস্টালজিয়া। পুরোনো তারকাদের সঙ্গে নতুনদের তুলনা করার বদলে এখন তাদের নিজেদের মতো করে দেখার আগ্রহই বেশি দেখা যাচ্ছে ভক্তদের মধ্যে। বিশেষ করে নতুন হারমায়োনির চরিত্রায়ন আলাদা করে নজর কেড়েছে।
ট্রেলার দেখে সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন একাধিক অনুরাগী। এক ভক্তের ভাষায়, নতুন দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে যেন বহু বছর পর নিজের পুরোনো ঘরে ফিরে এসেছেন তিনি। আরেকজনের মতে, এটি শুধু আগের সিনেমাগুলোর পুনর্নির্মাণ নয়; বরং দীর্ঘ পরিসরে মূল গল্পকে নতুনভাবে উপভোগ করার সুযোগ।
জে কে রোলিংয়ের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিরিজটি। সিনেমাগুলোর তুলনায় এবার বইয়ের কাহিনি আরও বিস্তৃতভাবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। ফলে মূল গল্পের অনেক খুঁটিনাটি, যা বড় পর্দায় জায়গা পায়নি, সেগুলোও দর্শকদের সামনে আসতে পারে।
সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ডিসেম্বরে ছোট পর্দায় যাত্রা শুরু করবে নতুন ‘হ্যারি পটার’। প্রথম দিকের বিতর্ক পেরিয়ে ট্রেলার যদি ভক্তদের প্রত্যাশার প্রতিফলন হয়ে থাকে, তাহলে নতুন এই জাদুর দুনিয়াকে ঘিরে সামনে আরও বড় উন্মাদনাই অপেক্ষা করছে।