সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঢাকা ইপিজেডে স্বচ্ছতা-জবাবদিহিতা বাড়াতে দু’টি আধুনিক ওয়েব্রিজ চালু

অনলাইন ডেস্ক: / ১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

শিল্প প্রতিষ্ঠানের আমদানি-রপ্তানি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করতে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) দু’টি আধুনিক ওয়েব্রিজ উদ্বোধন করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

সোমবার ঢাকা ইপিজেডের পুরাতন ও সম্প্রসারিত জোনের মূল গেটে স্থাপিত ওয়েব্রিজ দু’টি উদ্বোধন করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

নতুন ওয়েব্রিজের মাধ্যমে ঢাকা ইপিজেডে প্রবেশ ও বহির্গমনকারী পণ্যবাহী কনটেইনার, কাভার্ড ভ্যানসহ অন্যান্য যানবাহনে পরিবাহিত পণ্যের ওজন নির্ভুলভাবে পরিমাপ ও তথ্য সংরক্ষণ করা যাবে। এতে ইপিজেডের পণ্য পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রমের ওপর নজরদারি আরও কার্যকর হবে বলে জানিয়েছে বেপজা।

বেপজা জানিয়েছে, ওয়েব্রিজ স্থাপনের ফলে বন্ডেড সুবিধার আওতায় আমদানি ও রপ্তানিকৃত পণ্যের ওজন পরিমাপের ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে ইপিজেডে প্রবেশ ও বহির্গমনকারী পণ্যের তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা যাবে। বিশেষ করে আমদানি করা কাঁচামালের যথাযথ ব্যবহার এবং বন্ডিং কার্যক্রমের মনিটরিং আরও কার্যকর হবে। এর ফলে ইপিজেডের বাণিজ্যিক কার্যক্রমে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি রাজস্ব সুরক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে ওয়েব্রিজ ব্যবস্থা।

পর্যায়ক্রমে বেপজার আওতাধীন সব ইপিজেডে আধুনিক ওয়েব্রিজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বিভিন্ন জোনে পণ্যবাহী যানবাহনের চলাচল, পণ্যের ওজন ও সংশ্লিষ্ট তথ্য ব্যবস্থাপনায় আরও আধুনিক এবং কার্যকর নজরদারি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে বেপজার।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার, বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মহসীন হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর