রাজধানীর বিমানবন্দর এলাকায় চলন্ত গাড়িকে ধাক্কা দিয়ে চালককে বিভ্রান্ত করে
চায়না থেকে আমদানিকৃত ৩০ লাখ টাকা মূল্যের গার্মেন্টস কাপড় লুটের ঘটনায় জড়িত পাঁচ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার (০৩ মে) দুপুরে ডিএমপির উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) পারভেজ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন—মো. মুন্না হাসান (৩২), মো. আবু হাসান (৩৪), মো. গোলাম মোস্তফা (২৯), মো. রাজিব আলী দেওয়ান (৩৪) ও মো. ইব্রাহিম হক (৩০)।
এ সময় লুট হওয়া কাপড় ও বহনকারী কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে।
পারভেজ রানা বলেন, গত (৩০ এপ্রিল) চায়না থেকে আমদানিকৃত বিদেশি কাপড়ের ৯০টি রোল চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় আনার পথে রওনা দেন মাহমুদুল হাসান। পরে গত ১ মে ভোরে বিমানবন্দর থানাধীন ১ নম্বর সেক্টরের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌছা মাত্র অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয়। ধাক্কা দেওয়া গাড়িকে আটকাতে গেলে কাপড় ভর্তি কাভার্ড ভ্যান রহস্যজনকভাবে চুরি হয়ে যায়।
তিনি বলেন, এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ৩ মে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হলে তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করা হয়। পরে একইদিন রাতে ঢাকার দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে মুন্না হাসান, আবু হাসান, গোলাম মোস্তফা ও রজব আলীকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ ভোর রাতে ইব্রাহিমকে গ্রেফতার করা হয়।
পরে রজব দেওয়ানের বাসা থেকে চুরি হওয়া ৯০টি ফেব্রিক্সের রোল উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
এছাড়া চুরি হওয়া কাভার্ড ভ্যান এবং চুরির কাজে ব্যবহৃত আরেকটি কাভার্ড ভ্যানও উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।