বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে : চিফ প্রসিকিউটর

অনলাইন ডেস্ক: / ২০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
-সংগৃহীত ছবি।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত গুম-খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এসব গণশুনানিতে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে। প্রয়োজনে তাৎক্ষণিকভাবে কোনো অপরাধীকে পাওয়া গেলে গ্রেপ্তার করা হবে।

বুধবার নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, প্রতি সপ্তাহে দেশের কোনো না কোনো জেলায় এ গণশুনানির আয়োজন করা হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে সব রাজনৈতিক দলের উপস্থিতিতে এ কর্মসূচি পরিচালিত হবে। নিপীড়িত রাজনৈতিক দল ও সংগঠনও এতে অংশ নিতে পারবে। এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে সরকার।

চিফ প্রসিকিউটর বলেন, এরই মধ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, মন্ত্রণালয়, নির্যাতিত রাজনৈতিক দল ও সংগঠন এবং আহত-নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছে চিঠি পাঠানো হচ্ছে। গণশুনানিতে গুম-খুন, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহ করা হবে। কোনো ঘটনার মামলা হলে কাগজপত্র ও রেকর্ড পর্যালোচনা করা হবে। আর মামলা না হলে ভুক্তভোগী পরিবারকে চিহ্নিত করা হবে। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য কোনো ঘটনা পাওয়া গেলে তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করে বিচারের ব্যবস্থা করা হবে।

গণশুনানির কর্মসূচি যশোর জেলা থেকে শুরু করার পরিকল্পনার কথা জানিয়ে আমিনুল ইসলাম বলেন, ২৬ নভেম্বর যশোরে কর্মসূচি আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু ২৮ নভেম্বর যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন থাকায় তারিখ পরিবর্তন হতে পারে। সে ক্ষেত্রে অন্য কোনো জেলা থেকে কার্যক্রম শুরু করা হবে। তবে আগামী সপ্তাহ থেকে কোনো না কোনো জেলায় এ কর্মসূচি পরিচালনা করা হবে।

দেশজুড়ে গণশুনানির প্রয়োজনীয়তা তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে অসংখ্য ক্রসফায়ার, গুম, বলপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ বা মামলা রয়েছে। অনেক ভুক্তভোগী পরিবার গুম বা মানবতাবিরোধী অপরাধের শিকার হলেও মামলা করেনি। আবার অনেক অপরাধী এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তথ্য রয়েছে।

এসব অপরাধ আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতেই গণশুনানির উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা মনে করি, এ কর্মসূচির মধ্য দিয়ে দেশে ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে। আইনের শাসন ও ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা বার্তা দিতে চাই, যেন বাংলাদেশে আর কখনো কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত না হয়। এ কারণেই আমরা এ কর্মসূচির মাধ্যমে জাতির কাছে বার্তাটি পৌঁছে দিতে চাই।’

গণশুনানির আইনগত বৈধতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তদন্ত করার ও অভিযোগ দাখিলের ক্ষমতা রয়েছে। এখানকার তদন্ত সংস্থাও তদন্ত করতে পারে। এ কর্মসূচি আইনসম্মত। এর আইনগত ম্যান্ডেট রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর