রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে অপহৃত দন্ত্য চিকিৎসক হাসিবুর হাসানকে (৪৩) অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ঢাকা মহানগর উত্তর জোনের রাজউক আনসার গার্ডের একটি টহল দল। বুধবার (১৯ আগস্ট) রাতে পূর্বাচলের ১৯ নম্বর সেক্টরের একটি নির্জন জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা
মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার সন্ধ্যায় জলসিঁড়ি মাস্টার ফার্মেসিতে রোগী দেখার উদ্দেশ্যে কুড়িল বিশ্বরোডের পাশে অপেক্ষা করছিলেন চিকিৎসক হাসিবুর। এ সময় জলসিঁড়ি পৌঁছে দেওয়ার কথা বলে একটি সাদা রঙের মাইক্রোবাসের চালক তাকে গাড়িতে তুলে নেয়।
গাড়িতে ওঠার কিছুক্ষণ পরই মাইক্রোবাসে থাকা অপহরণকারী চক্রের সদস্যরা চিকিৎসকের হাত-পা, চোখ ও মুখ বেঁধে ফেলে। পরে তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একই সঙ্গে চিকিৎসকের অ্যান্ড্রয়েড ফোন নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১২ হাজার টাকা হাতিয়ে নেয় তারা।
পরবর্তীতে চিকিৎসককে হাত, চোখ ও মুখ বাঁধা অবস্থায় পূর্বাচলের একটি নির্জন জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা।
এ সময় ওই এলাকায় টহলরত পিসি মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আনসার সদস্য হাফিজুর রহমান, মো. সাকিবুল, রতন মিয়া ও মো. জুবায়ের গোঙানির শব্দ শুনতে পান। তারা দ্রুত শব্দের উৎসের দিকে গিয়ে হাত-পা, চোখ ও মুখ বাঁধা অবস্থায় চিকিৎসক হাসিবুরকে দেখতে পান এবং তাকে উদ্ধার করেন।
পরে আনসার সদস্যরা চিকিৎসককে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেন। বিপদের মুহূর্তে দ্রুততার সঙ্গে উদ্ধার করায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ভুক্তভোগী চিকিৎসক।
এ ঘটনায় জড়িত অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।