ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী ও ‘আজাদ হিন্দ ফৌজ’-এর বীর সৈনিক, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মানবদরদী মরহুম ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের দিয়ার পাঁচিল-ব্রাহ্মণবয়ড়া ঈদগাহ মাঠে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এসময় এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি মো. মনজুর রহমান বকুলের সভাপ্রতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও বিশিষ্ট কবি মোহন রায়হান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ভিপি শ্রী অমর কৃষ্ণ দাস, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ শাকিল, সিপিবি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন, জেলা বাসদের আহ্বায়ক নবকুমার কর্মকার, সিরাজগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুর রাশেদ পাভেল, জেলা বিএনপির সদস্য মো. রুহুল আখতার সোহেল ও মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে সকালে খোকশাবাড়ী হাসপাতাল প্রাঙ্গণে মরহুম ফরহাদ হোসেনের কবর জিয়ারত ও দিনব্যাপী কোরআনখানি অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় বক্তারা মরহুম ফরহাদ হোসেনের স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে ভূমিকা এবং দীর্ঘদিনের জনসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। তারা বলেন, মানুষের কল্যাণে তাঁর অবদান স্থানীয় মানুষের কাছে আজও স্মরণীয় হয়ে আছে।
অনুষ্ঠানে সিরাজগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সমাজের বিশিষ্টজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।