ট্রাকের ধাক্কায় গুরুত হওয়ার পর আইসিইউয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চেসি ত্রিপুরা। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক খুরশীদ আলম তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তার আঘাতটা খুবই গুরুতর ছিল। ফলে ব্রেন আগেই কাজ করা বন্ধ করে দিয়েছে। ফলে ডাক্তাররা তাকে ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করেছে। পরিবারে চাওয়ায় তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। তবে রাতে সেটা খুলে দেওয়ার পর চেসি শেষ নিশ্বাস ত্যাগ করে।
এরআগে, গত ১৯ অক্টোবর সন্ধ্যায় রাজশাহীর বাঘমারা থেকে অটোরিকশায় ক্যাম্পাসে ফিরছিলেন চেসি ও তার সহপাঠীরা। পথে অটোরিকশার সাথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চেসি ত্রিপুরা। এতে তার মাথায় গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। প্রথমে তাকে বাঘমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তারপর অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) আইসিইউ ভর্তি করানো হয়। তবে অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন তাকে এয়ার এম্বুলেন্সে ঢাকায় পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গভীর শোক প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, গোটা বিশ্ববিদ্যালয় পরিবার আজ শোকাহত। তার এই অকাল মৃত্যু অপ্রত্যাশিত। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং রাস্তায় চলাচলে সকল শিক্ষার্থীকে সচেতন থাকার আহ্বান জানান উপাচার্য।