সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ‘করিম শরীফ’ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার (২১ ফেব্রুয়ারি ) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় ‘করিম শরীফ’ বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এর প্রেক্ষিতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ৪টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড তাজা গুলি, ১৭ রাউন্ড তাজা কার্তুজ এবং ১০ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় বাহিনীর সক্রিয় সদস্য বাদশা শেখ (২৫)-কে আটক করা হয়। তিনি বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বাদশা শেখ দীর্ঘদিন ধরে ‘করিম শরীফ’ বাহিনীর সঙ্গে জড়িত থেকে ডাকাতি কার্যক্রমে অংশগ্রহণ এবং অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহে সহযোগিতা করে আসছিল।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোস্ট গার্ড সদস্যরা নির্বাচনী দায়িত্বে ব্যস্ত থাকার সুযোগে কিছু অসাধু চক্র সুন্দরবনে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে জানানো হয়। তবে সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ড ইতোমধ্যে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে। অভিযানে ‘করিম শরীফ’ বাহিনীর ৫টি আস্তানা ধ্বংস করা হয়েছে বলেও জানায় সংস্থাটি।
ব্রিফিং প্রদান করেন বিসিজিএস অপরাজেয় বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ (এক্স), বিএন।