সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো একটি ছবি কখনো কখনো মুহূর্তেই জন্ম দেয় নানা প্রশ্ন। ছবির দৃশ্য যতটা আলোড়ন তোলে, তার পেছনের গল্পটি থেকে যায় অনেকটাই অজানা।
সম্প্রতি বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ ও তরুণ অভিনেত্রী প্রিসিলা ডি কস্তার সুইমিংপুলের একটি ছবি নিয়েও তেমনই তৈরি হয়েছিল নানা আলোচনা-সমালোচনা। তবে বাস্তব জীবনের কোনো ঘটনার সঙ্গে ছবিটির সম্পর্ক নেই।
এটি একটি নাটকের দৃশ্য বলেই জানিয়েছেন নির্মাতা।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আলোচনায় আসা বিভিন্ন ঘটনা, চরিত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমের ‘ভাইরাল’ সংস্কৃতিকে গল্পের উপাদান করে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘আমরা ভাইরাল’।
আল আমিন স্বপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু।
নাটকটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ।
তার বিপরীতে দেখা যাবে তরুণ অভিনেত্রী প্রিসিলা ডি কস্তাকে। আর এই দুই অভিনয়শিল্পীর একটি দৃশ্যের ছবিই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে আলোচনার জন্ম দিয়েছে।
নাটকের গল্পে মামুনুর রশীদের চরিত্রটি অল্প বয়সী এক তরুণীর প্রেমে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পরিবারের অমতে মেয়েটি বাড়ি ছেড়ে তার কাছে চলে আসে। এরপর দুজন মিলে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের কনটেন্ট তৈরি করতে শুরু করেন।
তাদের কর্মকাণ্ড ধীরে ধীরে মানুষের নজর কাড়ে। তৈরি হয় কৌতূহল, আবার একসময় বিরক্তিও। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হওয়ার নেশা, ভাইরাল হওয়ার প্রতিযোগিতা এবং এর নানা হাস্যকর ও অস্বস্তিকর দিকই গল্পের ভেতর উঠে এসেছে।
এরই একটি দৃশ্যের অংশ হিসেবে ধারণ করা হয়েছিল মামুনুর রশীদ ও প্রিসিলা ডি কস্তার সুইমিংপুলের ছবিটি। কিন্তু পুরো প্রেক্ষাপট সামনে আসার আগেই ছবিটি ছড়িয়ে পড়ায় তৈরি হয় নানা ধরনের আলোচনা।
বিষয়টি পরিষ্কার করে নাটকের পরিচালক সাজিন আহমেদ বাবু বলেন, ছবিটি বাস্তব কোনো ঘটনার নয়; এটি নাটকেরই একটি দৃশ্য। পুরো বিষয়টি না জেনেই অনেকে ছবিটি নিয়ে মন্তব্য করেছেন।
নির্মাতার ভাষ্য, সমাজের আলোচিত ও সমালোচিত বিভিন্ন ভাইরাল ঘটনা ও চরিত্রকে গল্পের আয়নায় তুলে ধরাই এই নাটকের অন্যতম উদ্দেশ্য। হাস্যরসের আবহে দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি সমাজের কিছু গুরুত্বপূর্ণ বাস্তবতাও তুলে ধরতে চেয়েছেন তারা।
নাটকটি নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানিয়েছেন মামুনুর রশীদ। অনেক দিন পর ভিন্ন স্বাদের একটি গল্পে কাজ করার অভিজ্ঞতা হয়েছে বলে জানান তিনি। তার মতে, চারপাশের পরিচিত নানা ঘটনা ও চরিত্রকে নির্মাতা যেভাবে গল্পের ভেতর বুনেছেন, তা দর্শকদের আগ্রহী করবে।
নাটকটিতে মামুনুর রশীদ ও প্রিসিলা ডি কস্তা ছাড়াও অভিনয় করেছেন আবু হুরাইরা তানভীর, মৌসুমী হামিদ, শাকিলা পারভিন, নাজনিন চুমকি, ফারজানা চুমকি, শেহজাদ ওমর, মারুফ মিঠু, পারভেজ সুমন, সুজাত শিমুল, স্যামন্তি ডি-কস্তা, খায়রুল আলম টিপু, দিলরুবা তুশি, রিপা রঞ্জনা, টুনটুনি সোবহানসহ আরও অনেকে।
নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। আসছে ১৬ সেপ্টেম্বর থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেলে বাংলাভিশনে নাটকটির প্রচার শুরু হবে। এরপর প্রতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ২০মিনিটে নাটকটি দেখা যাবে। এর বাইরে ইউটিউব চ্যানেল আর্টফ্রেমে উন্মুক্ত করা হবে নাটকের পর্বগুলো।