সিরাজগঞ্জের চৌহালীর জনতা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম-উত্তরে যমুনা নদীর ভাঙন দেখা দিয়েছে। আজ দুপুরের দিকে আকস্মিক ভাঙনে বিলীন হয়েছে বসত ভিটা ও গাছপালা সহ প্রায় ৩৫ মিটার এলাকা। ঝুঁকিতে বহু বসতবাড়ি ও স্কুল ভবন।
জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা জানান, আজ দুপুরের দিকে আকস্মিক ভাঙনে বিলীন হয়েছে দুইটি বসত ভিটা ও গাছপালা সহ প্রায় ৩৫ মিটার এলাকা। এছাড়া কিছুদিন আগে জনতা উচ্চ বিদ্যালয়সংলগ্ন কে কে পশ্চিম জোতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি টিনশেড ভবন নদীতে চলে গেছে। ভাঙন ঠেকাতে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ এর আগে জিও ব্যাগ ডাম্পিং করেছে। তবে নদীর গভীরতা বেশি হওয়ায় তার অস্তিত্ব খুজে পাওয়া যাচ্ছে না। নতুন করে আবার ভাঙন শুরু হয়েছে। দ্রুত স্থানী বাঁধ নির্মানের দাবি করছি।
ভাঙন আতঙ্কে পড়েছে আশপাশ এলাকার বহু অসহায় মানুষ। অনেক পরিবার তাদের ঘরবাড়ি ও মূল্যবান আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেছে।
এবিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান শাকিল জানান, ভাঙ্গনের বিষয়টি অবগত হয়েছি। দ্রুতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। আশা করছি জিও ব্যাগ ডাম্পিং সহ প্রয়োজনে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।