রাজধানীতে সড়ক নিরাপত্তা জোরদার করতে “প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচি” পালন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান (ট্রাফিক) বিভাগ। বৃহস্পতিবার(৯ এপ্রিল) সকালে এই কর্মসূচিতে অংশগ্রহণ বাইকাররা নিজেদের ব্যবহৃত নিম্নমানের ও অনুমোদনহীন প্লাস্টিক হেলমেট ভেঙে ফেলে নিরাপত্তা বিষয়ে সচেতনতার বার্তা দেন।
আয়োজকদের মতে, অনেক মোটরসাইকেল চালক ও আরোহী শুধুমাত্র আইন এড়াতে হালকা ও নিম্নমানের হেলমেট ব্যবহার করেন, যা দুর্ঘটনার সময় কার্যকর সুরক্ষা দিতে ব্যর্থ হয়। বরং এসব হেলমেট মাথায় গুরুতর আঘাতের ঝুঁকি বাড়িয়ে দেয়।
ট্রাফিক বিভাগ জানায়, একটি মানসম্মত ও অনুমোদিত হেলমেট দুর্ঘটনায় প্রাণ রক্ষা করতে পারে। বিপরীতে ভুয়া ও নিম্নমানের হেলমেট ব্যবহার জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেয়। তাই সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে এই প্রতীকী কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
এ বিষয়ে গুলশান ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) মিজানুর রহমান শেলী বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক চালক ও আরোহীকে অবশ্যই মানসম্মত হেলমেট ব্যবহার করতে হবে। আইন মানা শুধু জরিমানা এড়ানোর জন্য নয়,
বরং নিজের জীবন ও পরিবারের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, নিজের জীবনের মূল্য বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। আসুন, আমরা সবাই মিলে ভুয়া হেলমেট বর্জন করি এবং নিরাপদ সড়ক গড়ে তুলি।
সচেতন মহল মনে করছে,এ ধরনের উদ্যোগ সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।