মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় ব্যবসায়ীর ভাই পরিচয়ে অভিনব পন্থায় ফিলিং স্টেশনের কর্মচারির কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে পালিয়েছেন এক প্রতারক। রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আফতাব ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
ফিলিং স্টেশন সূত্রে জানা যায়, জিয়া নামের এক ব্যবসায়ী এক ভ্যান চালককে ৫০ হাজার টাকা দিয়ে ওই পাম্পে তেল নিতে পাঠান।একই সময় নিজেকে ব্যবসায়ী জিয়ার ভাই পরিচয় দিয়ে ফিলিং স্টেশনে হাজির হন এক প্রতারক। এ সময় ভ্যানচালক পাম্পের তেল বিক্রির দায়িত্বে থাকা জীবন(২২)কে ৫০ হাজার টাকা দিয়ে তেল নেয়ার সময় ওই প্রতারক ড্রামে চাপ দিলে ভ্যান চালকের চোখে-মুখে তেলের ছিটা পড়ে।পরে ওই প্রতারক ভ্যান চালককে চোখ ধুয়ে আনার জন্য পাম্পের পানির মটরের কাছে নিয়ে যান ও জীবনের কাছে থাকা ভ্যান চালকের দেয়া টাকা গুলো ফেরত নিয়ে তিনি তা ভালো ভাবে গুনে মুল্য পরিশোধ করতে চান।এক পর্যায়ে তেলের ড্রাম রেখে ভ্যান চালককে ডাক্তারের কাছে নেয়ার কথা বলে দুজনে পাম্প চত্ত্বর থেকে চলে যান।পরে ওই প্রতারক ভ্যান চালককে কৌশলে আড়াল করে পালিয়ে যান।ঘটনার পর ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ওই প্রতারককে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
আফতাব ফিলিং স্টেশনের ম্যানেজার শাহিন ইসলাম ও হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসায়ীর ভাই পরিচয়ে ওই ব্যক্তি এসেছিলেন। পরে ভ্যান চালকের চোখে তেল পড়লে ওই প্রতারক ভ্যান চালককে ডাক্তার দেখিয়ে নিয়ে এসে টাকা পরিশোধ করে তেল নিয়ে যাবার কথা বলে কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় সাধারণ ডায়েরী(জিডি) করা হবে।