গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক দিনের এক শিশুকে চুরির সময় সিরাজুল ইসলাম (৪২) ও তাঁর স্ত্রী শেফালী বেগমকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) স্বপন কুমার সরকার। এর আগে সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
গ্রেফতার সিরাজুল ইসলাম ও তাঁর স্ত্রী শেফালী বেগম গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ফাসিতলা এলাকার বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে হাসপাতালে সন্তান জন্মের পর শিশুটির দাদির কাছ থেকে ‘বাচ্চাটি সুন্দর হয়েছে’ বলে কোলে নেন শেফালী বেগম। পরে সুযোগ বুঝে শিশুটিকে নিয়ে হাসপাতালের বাইরে চলে যান তিনি। একপর্যায়ে শিশুটিকে তিনতলায় খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বাইরে এসে শিশুটিকে উদ্ধার করেন। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে অভিযুক্ত দুজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদুর রহমান বলেন, ‘বিষয়টি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অভিযুক্তদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে রাতেই মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।’